সাইপ্রাসে নির্মাণকাজে গিয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে সৌরভ (৩২) নামে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় গত বুধবার (২৪ জুন) রাত ২টার দিকে একটি বহুতল ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সৌরভ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আরঙ্গাইল গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রশিদ মাস্টারের ছেলে। দুই বছর আগে স্ত্রী ও একমাত্র শিশুসন্তানকে দেশে রেখে পরিবারের ভাগ্য বদলাতে সাইপ্রাসে পাড়ি জমিয়েছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, সংসারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে সৌরভ দিনরাত অক্লান্ত পরিশ্রম করতেন। নিয়মিত ডিউটির পাশাপাশি অতিরিক্ত সময়েও (ওভারটাইম) কাজ করতেন তিনি। বুধবার দিবাগত রাতে সাইপ্রাসে একটি বহুতল ভবনের ছাদে নির্মাণকাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যান সৌরভ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে মোবাইল ফোনের মাধ্যমে তার এই মৃত্যুর খবরটি সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে পৌঁছায়।
সৌরভের আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে আরঙ্গাইল গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে বাবা-মা দিশেহারা, অন্যদিকে স্বামীকে হারিয়ে নির্বাক তরুণী স্ত্রী। অবুঝ শিশুসন্তানটি এখনো বুঝতেই পারছে না যে তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
স্থানীয় দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন, সৌরভের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সংশ্লিষ্ট দপ্তর ও পরিবারের সাথে যোগাযোগ করে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।"
বর্তমানে সৌরভের মরদেহ সাইপ্রাসের একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে লাশটি দেশের মাটিতে আনার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করেছে তার পরিবার ও এলাকাবাসী।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ