শনিবার বিকেলে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের দামচাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসানুর রহমান কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার কুটি বাঘডাঙ্গা এলাকার দধির গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক সজিব চন্দ্র বিশ্বাসের একতলা ভবনের দেয়ালে আস্তরের কাজ করছিলেন হাসানুর। এ সময় রাস্তার পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে তাঁর হাতে থাকা আস্তরের গজ/রোলারের সংস্পর্শ হলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে সঙ্গে থাকা শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মাসুদ রানা জানান, প্রায় দেড় মাস আগে পারিবারিকভাবে হাসানুরের বিয়ে হয়। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার একটি নির্মাণ শ্রমিক দলের সঙ্গে কাজ করতেন। বিয়ের পর স্ত্রীকে এখনো নিজ বাড়িতে তোলা হয়নি। কাজ শেষ করে বাড়িতে ফিরে স্ত্রীকে ঘরে তোলার পাশাপাশি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা ছিল তাঁর।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্মাণকাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

প্রথম দর্পণ,ডেস্ক