জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতে বড় বিনিয়োগের পথে সরকার, লক্ষ্য ৫ হাজার মেগাওয়াট

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ রাত
  • ৮৯১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
আগামী গ্রীষ্মের আগেই উৎপাদনের লক্ষ্যমাত্রা; ছাদের সৌর প্যানেলের বিদ্যুৎ কিনবে সরকার, ইউনিটপ্রতি দাম ১০ টাকা

বিশ্ববাজারে জ্বালানি সংকট এবং বিদ্যুৎ উৎপাদনে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে বাড়ির ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎও প্রতি ইউনিট ১০ টাকা দরে কেনার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত আট মাসে দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকট আরও প্রকট হয়েছে। এ পরিস্থিতিতে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর কার্যকর বিকল্প নেই।

তিনি বলেন, আগামী বছরের গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য রয়েছে সরকারের। এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হলে বিদ্যুৎ সংকট মোকাবিলার পাশাপাশি কৃষি অর্থনীতির অগ্রগতিও অব্যাহত রাখা যাবে।

ছাদের সৌরবিদ্যুতের প্রতি ইউনিট ১০ টাকা

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করেন মন্ত্রী। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে শুধু সরকার নয়, ব্যক্তিপর্যায় থেকেও উদ্যোগ নিতে হবে। ব্যক্তিপর্যায়ে সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা দরে কিনে নেবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদনে সরকারের ব্যয় ও ভর্তুকির চাপও হ্রাস পাবে। এ উদ্যোগ সফল করতে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

মতবিনিময় সভায় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল ও মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad