নেতানিয়াহুকে হটাতে বিরোধীদের ঐক্য, আইজেনকোটের পক্ষে ৬৭ আইনপ্রণেতার সমর্থন

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০০ রাত
  • ৬২০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের উদ্যোগ জোরালো হচ্ছে। দেশটির বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোটের পক্ষে নেসেটের (পার্লামেন্ট) ১২০ সদস্যের মধ্যে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আরব জয়েন্ট লিস্ট জোট আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে সুপারিশ করার ঘোষণা দিয়েছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হয়েছে, আরব জয়েন্ট লিস্টের ১১ জন আইনপ্রণেতা আইজেনকোটের পক্ষে সমর্থন জানালে তার পক্ষে মোট সমর্থন দাঁড়াবে ৬৭ জনে। এর আগে আট আসনের অধিকারী রা’আম পার্টিও তাকে সমর্থনের ঘোষণা দিয়েছিল। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতার চেয়ে এগিয়ে থাকবেন আইজেনকোট।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আরব জয়েন্ট লিস্ট জানায়, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সরকার গঠনের দায়িত্ব দেওয়ার বিষয়ে পরামর্শের সময় তারা আনুষ্ঠানিকভাবে আইজেনকোটের নাম সুপারিশ করবে। জোটের অন্তর্ভুক্ত দলগুলোর মধ্যে আলোচনার পর সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে নেতানিয়াহুর বিরোধিতায় একমত হলেও আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবিরের প্রতি পুরোপুরি আস্থা রাখতে পারছে না আরব জোট। তাদের ভাষ্য, নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে অবস্থান, আরব নাগরিকদের লক্ষ্য করে উসকানি মোকাবিলা এবং তাদের রাজনৈতিক অধিকারের বৈধতা খর্বের প্রচেষ্টা প্রতিহত করার ক্ষেত্রে বিরোধী শিবির এখনো প্রয়োজনীয় সদিচ্ছার প্রমাণ দিতে পারেনি।

নির্বাচনে এগিয়ে নেতানিয়াহুর জোট

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে ইহুদি বিরোধী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলোর আসনসংখ্যা ১৯।

নির্বাচনের ফলাফলে কোনো পক্ষ এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের সমীকরণে আরব দলগুলোর সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে আইজেনকোটের পক্ষে জয়েন্ট লিস্টের অবস্থান বিরোধী শিবিরের রাজনৈতিক শক্তি বাড়িয়েছে।

চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের

তবে আইনপ্রণেতাদের সমর্থন বা সুপারিশের অর্থ এই নয় যে আইজেনকোটের নেতৃত্বে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোট ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এ ক্ষেত্রে আইনপ্রণেতাদের সুপারিশ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নেওয়া হবে।

এদিকে নতুন সরকার গঠনের প্রচেষ্টা সমন্বয়, নীতিগত দিকনির্দেশনা নির্ধারণ এবং সম্ভাব্য জোট চুক্তি নিয়ে আলোচনা শুরুর বিষয়ে একমত হয়েছে ইসরাইলের বিরোধী দলগুলো। ফলে নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার লড়াইয়ের পাশাপাশি নতুন সরকার গঠনের সম্ভাবনাও জোরালো হচ্ছে।

তথ্যসূত্র: ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট ও আনাদোলু এজেন্সি; যুগান্তর, ৫ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad