**নিউইয়র্ক প্রাইমারিতে ফিলিস্তিনপন্থিদের জয়; ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইল থেকে দূরত্ব আরও স্পষ্ট**

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ জুন ২০২৬, ১১:১৩ দুপুর
  • ২২৭০৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে ফিলিস্তিনপন্থি অবস্থানের জন্য পরিচিত একাধিক প্রার্থীর জয় দলটির ভেতরে ইসরাইল ইস্যুতে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ফলাফল ডেমোক্র্যাটদের একটি বড় অংশের মধ্যে ইসরাইলের প্রতি আগের নিঃশর্ত সমর্থন থেকে সরে আসার প্রবণতাকে আরও স্পষ্ট করেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত প্রাইমারিতে বিজয়ী ব্র্যাড ল্যান্ডার, ক্লেয়ার ভ্যালডিজ এবং ডারিয়ালিজা আভিলা শ্যাভালিয়ার—তিনজনই ইসরাইলের নীতির সমালোচক হিসেবে পরিচিত। তাদের সবাইকে সমর্থন দিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, যার রাজনৈতিক উত্থান ঘটেছে ফিলিস্তিনের অধিকারের পক্ষে আন্দোলনের মাধ্যমে।

নির্বাচনি প্রচারণার সময় মামদানি ইসরাইলপন্থি লবিগুলোর সমালোচনা করে বলেন, এসব সংগঠন এখনো যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করছে।

বিজয়ের পর নিউইয়র্কের হারলেমে আয়োজিত সমাবেশে আভিলা শ্যাভালিয়ারের সমর্থকেরা ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। সমাবেশে তিনি বলেন, ‘আজ আমরা দেখিয়ে দিয়েছি, পুরোনো ধরনের রাজনীতির সময় শেষ হয়ে আসছে।’

যদিও ডেমোক্রেটিক পার্টির শীর্ষ পর্যায়ের অনেক নেতা এখনো ইসরাইলের প্রতি সমর্থন বজায় রেখেছেন, তবু তৃণমূল পর্যায়ের ভোটারদের মধ্যে ভিন্ন প্রবণতা স্পষ্ট হচ্ছে। বিশেষ করে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে দলটির সমর্থকদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন ধারাবাহিকভাবে কমেছে।

সাম্প্রতিক নিউইয়র্ক টাইমস/সিয়েনা জরিপে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ ডেমোক্র্যাট ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। বিপরীতে মাত্র ১৫ শতাংশ ইসরাইলের প্রতি বেশি সমর্থন প্রকাশ করেছেন।

মার্কিন সিনেটর ক্রিস ভ্যান হোলেন বলেন, ডেমোক্রেটিক পার্টির আরও বেশি নেতা এখন প্রকাশ্যে বলছেন, ইসরাইলকে যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে নিঃশর্ত সহায়তা দেওয়া উচিত নয়। তার মতে, আগামী কংগ্রেসে ইসরাইলকে স্বয়ংক্রিয়ভাবে সমর্থন দেওয়ার প্রবণতা আরও কমতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইসরাইলপন্থি লবি আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক) জানিয়েছে, তাদের সমর্থিত ১৮০ জন ডেমোক্র্যাট ও রিপাবলিকান প্রার্থী নিজ নিজ দলের মনোনয়ন নিশ্চিত করেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডেমোক্রেটিক পার্টির ভেতরে ফিলিস্তিন ইস্যুতে জনমতের পরিবর্তন আইপ্যাকের জন্য ভবিষ্যতে নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

নিউইয়র্কের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটিতে ব্র্যাড ল্যান্ডার বর্তমান কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যানকে পরাজিত করেন। নির্বাচনি প্রচারণায় তিনি গোল্ডম্যানকে ইসরাইল ইস্যুতে যথেষ্ট সমালোচনামুখর না হওয়ার অভিযোগে আক্রমণ করেছিলেন।

অন্যদিকে, দীর্ঘদিনের কংগ্রেস সদস্য ও ইসরাইলের দৃঢ় সমর্থক আদ্রিয়ানো এসপাইলাতকে হারিয়ে আলোচনায় আসেন ডারিয়ালিজা আভিলা শ্যাভালিয়ার। পশ্চিম তীরে বসবাসের অভিজ্ঞতা এবং দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডের কারণে তিনি আগে থেকেই পরিচিত ছিলেন।

নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক এই নির্বাচনী ফলাফল শুধু কয়েকজন প্রার্থীর বিজয় নয়; বরং এটি ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরে ইসরাইল-ফিলিস্তিন প্রশ্নে রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad