উল্লাপাড়ায় বাড়িতেও হামলার দাবি; থানায় লিখিত অভিযোগ
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মো. গোলাম মোস্তফা মামুন মারধরের শিকার হওয়ার পাশাপাশি তাঁর বাড়িতেও হামলার অভিযোগ করেছেন। ঘটনার পর উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২১ জুন) দুপুরে পূর্বদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। একপর্যায়ে কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগে বলা হয়, একটি পক্ষ তাদের পছন্দের ব্যক্তিদের সভাপতি ও অন্যান্য পদে নির্বাচিত করার জন্য চাপ সৃষ্টি করে। এ সময় সাংবাদিক মো. গোলাম মোস্তফা মামুন নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় কমিটি গঠনের পক্ষে মত দেন। এর জের ধরে তাঁর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার সময় উপস্থিত গ্রামবাসী সাংবাদিক মামুনকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং পরে তাঁকে বাড়িতে পৌঁছে দেন। তবে অভিযোগ রয়েছে, এরপর শফিকুল ইসলাম ঠান্ডুর নেতৃত্বে একদল ব্যক্তি তাঁর বাড়িতে গিয়ে হামলা চালায়, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।
ঘটনার সময় বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কথা বিবেচনা করে অনেকেই ঘটনাস্থল ত্যাগ করেন। স্থানীয়দের ভাষ্য, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
সাংবাদিক মো. গোলাম মোস্তফা মামুন বলেন, “আমি শুধু নিয়ম অনুযায়ী পরিচালনা কমিটি গঠনের কথা বলেছিলাম। এর জেরে আমার ওপর হামলা চালানো হয়। পরে আমার বাড়িতেও হামলার ঘটনা ঘটে। আমি এখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযোগকারী নিশ্চিত করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। তবে বিষয়টি জানার চেষ্টা করছি। বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স