বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে কথিত ‘অন্তরঙ্গ ছবি’ নিয়ে নানা গুঞ্জন। তবে এসব ছবি সম্পূর্ণ ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি বলে দাবি করেছেন অভিনেত্রীর আইনজীবী।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ঐশ্বরিয়ার অনুমতি ছাড়া তার ছবি, নাম ও কণ্ঠস্বর বিভিন্ন বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। এ ঘটনায় আদালতের শরণাপন্ন হয়ে এসব অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়েছেন অভিনেত্রীর আইনজীবী।
আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, ঐশ্বরিয়ার ছবি ব্যবহার করে কফি মগ, টি-শার্টসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নামে ভুয়া ও আপত্তিকর ছবি ছড়িয়ে অর্থ উপার্জনেরও অভিযোগ ওঠে।
অভিনেত্রীর আইনজীবী সন্দীপ শেঠি আদালতে উপস্থাপিত নথিতে জানান, ভাইরাল হওয়া ছবিগুলো বাস্তব নয়; এগুলো সম্পূর্ণ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ও সম্পাদিত। তিনি বলেন, এসব ছবির সঙ্গে ঐশ্বরিয়া রাইয়ের কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি কখনোই এমন কোনো ছবি প্রকাশ বা ব্যবহারের অনুমতি দেননি।
তিনি আরও অভিযোগ করেন, কিছু ব্যক্তি অভিনেত্রীর পরিচিতি ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে তার ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে।
এর আগে ২০২৪ সালেও একই ধরনের ঘটনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। এছাড়া অভিনেতার শ্বশুর অমিতাভ বচ্চনও তার নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। পরবর্তীতে আদালত তার ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেন।
প্রযুক্তির অপব্যবহার এবং এআই–নির্ভর ভুয়া কনটেন্টের বিস্তারের এ সময়ে ব্যক্তিগত পরিচয় ও গোপনীয়তা রক্ষায় আরও কঠোর আইনি ব্যবস্থার প্রয়োজনীয়তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স