প্রায় দুই দশকের বিরতি শেষে আবারও মিশরের ঐতিহাসিক গিজার পিরামিডে সুরের জাদু ছড়াতে যাচ্ছেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী এই স্থানে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত কনসার্ট। এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল-এর আয়োজনে অনুষ্ঠিত হবে এই মেগা কনসার্ট। প্রতিষ্ঠানটি এর আগে জেনিফার লোপেজ, জন লিজেন্ড, কেটি পেরি এবং ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকাদের নিয়ে মধ্যপ্রাচ্যে সফল আয়োজন করেছে।
বর্তমানে শাকিরা তার নতুন অ্যালবাম এবং বিশ্বব্যাপী জনপ্রিয় ‘Las Mujeres Ya No Lloran’ বিশ্ব সফর নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তিন দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে তিনি বিশ্বজুড়ে ৯৫ মিলিয়নের বেশি রেকর্ড বিক্রি করেছেন। অর্জন করেছেন একাধিক গ্র্যামি ও লাতিন গ্র্যামি পুরস্কার, যা তাকে বিশ্ব সংগীতাঙ্গনের অন্যতম সফল শিল্পীতে পরিণত করেছে।
সম্প্রতি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ট্র্যাক তালিকায়ও স্থান পেয়েছে তার নতুন গান ‘Dai Dai’। ফলে নতুন এই কনসার্টকে ঘিরে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।
গিজার পিরামিডে ফের পারফর্ম করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে শাকিরা এক বিবৃতিতে বলেন, “আমি মিশরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আপনাদের সবাইকে ভালোবাসি।”
শাকিরার এই প্রত্যাবর্তনকে ঘিরে ইতোমধ্যেই মিশরের সংগীতপ্রেমী দর্শক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা তার ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও অপেক্ষার সৃষ্টি হয়েছে।
সূত্র: ঢাকা পোস্ট।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স