বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে হজের দাপট, পাকিস্তানকে চাপে রেখে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২৬ জুলাই ২০২৬, ০৯:৩৩ সকাল
  • ৫৬৮১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের উদ্বোধনী দিনে শুরুতে দাপট দেখালেও শেষ পর্যন্ত চালকের আসনে উঠে এসেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিবিঘ্নিত দিনে কেভেম হজের দুর্দান্ত অপরাজিত ৮৩ রানের ইনিংসে ভর করে দিন শেষে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে ক্যারিবীয়রা।

বৃষ্টির কারণে প্রথম দিনের প্রায় দুই ঘণ্টার খেলা নষ্ট হওয়ায় মোট ৬৭ ওভার মাঠে গড়ায়। তবে সীমিত সময়ের খেলাতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ উইকেটে কেভেম হজ ও শাই হোপ অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। দিন শেষে হজ ৮৩ এবং হোপ ৩৯ রানে অপরাজিত ছিলেন।

দিনের শুরুটা ছিল পুরোপুরি পাকিস্তানের নিয়ন্ত্রণে। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৪.১ ওভারে মাত্র ২৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দুর্দান্ত লাইন-লেন্থে বোলিং করে শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। নিজের প্রথম সাত ওভারের পাঁচটিই মেডেন দেন তিনি। পরে ৮ রান করা ব্র্যান্ডন কিংকে বোল্ড করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন।

এরপর বৃষ্টির দীর্ঘ বিরতির পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন কেভেম হজ। আর্দ্র আবহাওয়ায় উইকেটে সীম মুভমেন্ট থাকলেও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে পাকিস্তানের বোলারদের চাপ সামাল দেন তিনি। ত্যাগনারায়ণ চন্দরপলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে অর্ধশতাধিক রানের জুটি গড়ে ইনিংস পুনর্গঠন করেন।

তবে পাকিস্তান আবারও আঘাত হানে। আমের জামালের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে সালমান আগার হাতে ধরা পড়েন চন্দরপল। তিনি ৪০ বলে ২৮ রান করেন।

এর কিছুক্ষণ পর মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউর শিকার হন জশুয়া ডি সিলভার পরিবর্তে নামা জাঙ্গু। মাঠের আম্পায়ার প্রথমে আবেদন নাকচ করলেও পাকিস্তানের রিভিউয়ের পর সিদ্ধান্ত বদলে যায়। তখন ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৬ রান।

সেখান থেকেই ইনিংসের হাল ধরেন কেভেম হজ। একদিকে আব্বাস ও মোহাম্মদ আলির নিয়ন্ত্রিত বোলিং সামলে অন্যদিকে সুযোগ পেলেই আমের জামাল ও অভিষিক্ত স্পিনার আলি উসমানকে আক্রমণ করেন তিনি। আলি উসমানের বিপক্ষে দৃষ্টিনন্দন বাউন্ডারিতে নিজের টেস্ট ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক পূর্ণ করেন এই বাঁহাতি ব্যাটার।

দিনের শেষ সেশনে দুই দলের মধ্যেই ছিল ধৈর্যের লড়াই। আলো কমে আসার আগ পর্যন্ত কোনো বাউন্ডারি না হলেও হজ ও হোপ উইকেট অক্ষত রেখে ধীরে ধীরে স্কোর এগিয়ে নেন। ফলে প্রথম দিনের খেলা শেষে কিছুটা হলেও সুবিধাজনক অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আব্বাস দুটি এবং আমের জামাল একটি উইকেট শিকার করেন।

এর আগে ম্যাচ শুরুর পূর্বে সদ্যপ্রয়াত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্সের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শ্রদ্ধার নিদর্শন হিসেবে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad