ঘূর্ণিজাদুতে ত্রিনবাগোকে লণ্ডভণ্ড করে ম্যাচসেরা মিরাজ

  • প্রথম দর্পণ,স্পোর্টস ডেক্স
  • আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ দুপুর
  • ২৫১৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেকের পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন মেহেদি হাসান মিরাজ। অভিষেক ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তার ঘূর্ণিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২৬ রানে আটকে দিয়ে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে মিরাজের হাতে।

প্রভিডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে ত্রিনবাগোর শুরুটা ভালোই ছিল। ৪.৩ ওভারে তারা সংগ্রহ করে ৪১ রান। এরপরই আক্রমণে আসেন মিরাজ। ১৬ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করে শিকার শুরু করেন তিনি। পরের বলেই নিকোলাস পুরানকে বোল্ড করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

এরপর জিড গুলি ও সুনীল নারিনকে ফিরিয়ে ত্রিনবাগোর মিডল ও লোয়ার অর্ডারে ধস নামান মিরাজ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানেই থামে ত্রিনবাগোর ইনিংস।

দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন জাস্টিন গ্রিভস। গায়ানার হয়ে মিরাজ ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন। শামার জোসেফ পান ২ উইকেট। আগের ম্যাচে ৪৭ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়া ইমরান তাহির এবারও একটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৬ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গায়ানা। তবে শিমরন হেটমায়ার ও শাই হোপের ব্যাটে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। হেটমায়ার ৩৫ বলে ৪২ এবং হোপ ১৯ বলে ২৮ রান করে দলের জয়ের পথ সহজ করে দেন।

শেষদিকে ব্যাট হাতে মিরাজ ১৪ বলে ২ রান করলেও তার সেই ব্যর্থতা দলের জয়ে কোনো প্রভাব ফেলেনি। ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।

টানা দুই জয়ে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। এক ম্যাচ বেশি খেলে ৩ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad