মামলার আরজি ও স্থানীয় সূত্রে জানা যায়, পাটধারী মৌজার আরএস ১০২ নং খতিয়ানের ৩০৯৬ ও ৩০৯৭ নং দাগের মোট ২৮.৫০ শতক জমি নিয়ে বিরোধের জেরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সিরাজগঞ্জে গত ০৭/০৭/২০২৬ তারিখে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মোঃ আব্দুল করিম (এমআর মামলা নং-৩৪ (অতিঃ)/২০২৬)। মামলায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ও ১৪৫ ধারায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ প্রবেশ ও ঘর নির্মাণে অস্থায়ী নিষেধাজ্ঞার আর্জি জানানো হয়েছিল।
অভিযোগে জানা যায়, আব্দুল করিমের পিতা মোঃ নুরুল ইসলাম ১৯৮২ থেকে ১৯৯১ সালের মধ্যে বিভিন্ন সাফ-কবলা দলিলের মাধ্যমে (দলিল নং- ১২৯৩৭, ১৬৫৯০, ৮৩৯৬, ৯ ও ৮৪৪৬) মোট ২৮.৫০ শতক জমি ক্রয় করে নিজ নামে খারিজ ও হোল্ডিং (নং-১৬৫৩) খুলে দীর্ঘ দিন যাবৎ ফলজ ও বনজ গাছের বাগান তৈরি করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন।
তবে গত ০২/০৭/২০২৬ তারিখে স্থানীয় মোঃ আমানত শেখ, মোঃ ছানোয়ার হোসেনসহ অভিযুক্ত প্রতিপক্ষরা জমিতে অনাধিকার প্রবেশ করে জোরপূর্বক বেদখল ও ঘর তোলার চেষ্টা চালায়। পরবর্তীতে ভুক্তভোগী আইনের আশ্রয় নিয়ে আদালতের দ্বারস্থ হলেও এবং মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় নিষেধাজ্ঞা বজায় রাখার নির্দেশনা সত্ত্বেও প্রতিপক্ষরা তা অমান্য করে ওই নালিশী জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ কাজ সম্পন্ন করেছে বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী মোঃ আব্দুল করিম জানান, আদালতে মামলা চলাকালীন এবং আইনি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ আইন ও আদালতের তোয়াক্কা না করে জোর খাটিয়ে আমার জমিতে ঘর তুলে দখলে নিয়েছে। আমরা বাধা দিতে গেলে নানা ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটছে।
এ বিষয়ে বিবাদীর সাথে কথা করার চেষ্টা করলে তাদের তারা সটকে পরেন।
বর্তমানে ভুক্তভোগী পরিবারটি নিজ জমি হারিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত আদালতের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ