পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির অভিযোগে আশরাফুল আলী (৪২) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩১ জুলাই) রাতে উপজেলার সিংগাড়ি গ্রামে অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান।
দণ্ডপ্রাপ্ত আশরাফুল আলী উপজেলার সিংগাড়ি গ্রামের নুর ইসলামের ছেলে। অভিযানকালে তার বাড়ি থেকে নকল দুধ তৈরির বিভিন্ন উপকরণ, তিন ড্রাম জেলি, বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং প্রস্তুতকৃত নকল দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা এসব ভেজাল পণ্য ধ্বংস করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আশরাফুল আলী নিজ বাড়িতে একটি সিলিং সেন্টার স্থাপন করে দীর্ঘদিন ধরে নকল দুধ উৎপাদন করে বিভিন্ন কোম্পানির সিলিং সেন্টারে সরবরাহ করে আসছিলেন। এভাবে ভেজাল দুধের ব্যবসার মাধ্যমে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ঘটনাস্থলেই আদালত বসিয়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আশরাফুল আলীকে এ দণ্ড দেওয়া হয়েছে। পরে রাতেই তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রথম দর্পণ,ডেস্ক