রায়গঞ্জে ঈদগাহ মাঠের রোপণ করা মেহগনি চারা উপড়ে ফেলার অভিযোগ

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ০১ আগস্ট ২০২৬, ০৩:৪৬ দুপুর
  • ২৭৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঈদগাহ মাঠে রোপণ করা ২০ থেকে ৩০টি মেহগনি গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই গ্রামের আমিনুল ইসলাম মিষ্টারের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির উদ্যোগে মাঠের পূর্ব পাশের নির্ধারিত সীমানায় সৌন্দর্যবর্ধন, পরিবেশ সংরক্ষণ এবং মুসল্লিদের জন্য ছায়ার ব্যবস্থা করতে ২০ থেকে ৩০টি মেহগনি গাছের চারা রোপণ করা হয়। অভিযোগ রয়েছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ওই চারাগুলো উপড়ে ফেলা হয়।

ঘটনার সময় একই গ্রামের আব্দুল আজিজের ছেলে জিন্নাহ, আব্দুল বারিক খানের ছেলে গোলাম মোস্তফা, ওসমান গণির ছেলে হযরত আলী এবং মৃত মকবেল হোসেনের ছেলে মিন্টু উপস্থিত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ঈদগাহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি, পরিবেশ রক্ষা এবং মুসল্লিদের জন্য ছায়া নিশ্চিত করতে পরিচালনা কমিটির উদ্যোগে গাছগুলো রোপণ করা হয়েছিল। কিন্তু সেগুলো উপড়ে ফেলায় এলাকায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

অভিযোগের বিষয়ে আমিনুল ইসলাম মিষ্টার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “বিষয়টি আমরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করছি।”

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন বলেন, “বিষয়টি নিয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা চলছে। স্থানীয়ভাবে সমাধান না হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, “এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ঈদগাহ মাঠে পুনরায় বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছগুলোর যথাযথ পরিচর্যার দাবি জানিয়েছেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad