এফবিসিসিআইয়ের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন ফজলুল হক

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ০২ আগস্ট ২০২৬, ০৫:৩৫ বিকাল
  • ২০৭৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি এবং প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক।

দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মহলের দাবির পর সরকারি কর্মকর্তার পরিবর্তে বেসরকারি খাতের একজন উদ্যোক্তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর সংগঠনের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এফবিসিসিআইয়ের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রাথমিক আলোচনা করেন।

এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় মো. ফজলুল হককে এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আদেশে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের শিল্প ও বাণিজ্যের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে তাকে এ দায়িত্ব অর্পণের কথা উল্লেখ করা হয়।

সরকারি নির্দেশনা অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর আগামী ১২০ দিনের মধ্যে বাণিজ্য সংগঠন আইন-২০২২, বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫, কোম্পানি আইন-১৯৯৪ এবং এফবিসিসিআইয়ের সংঘস্মারক ও সংঘবিধি অনুসরণ করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনের মাধ্যমে নতুন পরিচালনা পর্ষদ গঠনের পর তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর মো. ফজলুল হক বলেন, সরকারের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে নির্ধারিত ১২০ দিনের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে এফবিসিসিআইয়ে নির্বাচিত ব্যবসায়ী নেতৃত্ব ফিরিয়ে আনতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ফেডারেশনের সদস্য, ব্যবসায়ী সমাজ এবং সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্বে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান। গত ২৭ জুন তার মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দেড় মাস পদটি শূন্য ছিল। ২০২৫ সালের অক্টোবরে তিনি প্রশাসক হিসেবে নিয়োগ পান। যদিও ১২০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা ছিল, আইনি জটিলতার কারণে তা সম্ভব হয়নি। পরে তার মেয়াদ আরও চার মাস বাড়ানো হলেও গত ২৬ জুন সেই মেয়াদ শেষ হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে সদস্যদের একাংশ আন্দোলন শুরু করলে তৎকালীন সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরবর্তীতে একই বছরের ১১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় পরিচালনা পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

মো. ফজলুল হক দেশের তৈরি পোশাক শিল্পের একজন সুপরিচিত উদ্যোক্তা। তিনি নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বিকেএমইএর সাবেক সভাপতি এবং বর্তমানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশ-এর সঙ্গে সম্পৃক্ত। তৈরি পোশাক শিল্প, রপ্তানি বাণিজ্য, শিল্পনীতি ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad