সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারটিয়া গ্রামে আট বছরের এক শিশুকে আমবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মো. তসলিম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তসলিম উদ্দিন ওই গ্রামের মৃত ওসমান গনির ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, শিশুটির বাবা মালয়েশিয়া প্রবাসী হওয়ায় মা তিন সন্তান ও শাশুড়িকে নিয়ে বাড়িতে থাকেন। গত ১১ মে সকালে ছোট মেয়ে অসুস্থ থাকায় তাকে নিয়ে শিশুটির মা বাবার বাড়ি যান। ওই সময় শিশুটি বাড়িতে একাই ছিল।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটি বাড়ির পাশের পাকা রাস্তায় অবস্থান করছিল। অভিযোগ উঠেছে, এ সময় তসলিম উদ্দিন তার মুখ চেপে ধরে কাছের একটি আমবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যান। শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে হাসপাতালে এসে মেয়ের কাছে পুরো ঘটনা শোনেন মা। চিকিৎসার ব্যস্ততা ও স্বজনদের সঙ্গে আলোচনার কারণে মামলা করতে কিছুটা দেরি হয় বলে এজাহারে জানানো হয়েছে। পরে সিরাজগঞ্জ সদর থানায় শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেন।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আসামি তসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, অভিযোগ পাওয়ার পরপরই মামলা দায়ের করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আদালত পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ আসামিকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তসলিম উদ্দিন জেলহাজতে রয়েছেন।
এদিকে, এই ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ