কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চরের দোনালার মাথা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আজিবর রহমান শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা এলাকার কাজিয়ার চর গ্রামের নুরুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে কয়েকজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৮৮-এর কাছাকাছি এলাকা দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তারা বিএসএফ সদস্যদের নজরে পড়েন। অন্যরা পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান বিএসএফের হাতে আটক হন।
এদিকে, আটক যুবককে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “বাংলাদেশের এক নাগরিক ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়। আটক নাগরিককে ফিরিয়ে আনতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
আটক আজিবর রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক