হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ৯৪০

  • মোঃ আল আমিন হোসেন,বার্তা সম্পাদক
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৬, ০৫:৪৮ বিকাল
  • ৮১৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭৬ শিশু। এ ছাড়া ৬৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন করে হামে আক্রান্ত ও উপসর্গযুক্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪০ জনে।

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ আগস্ট সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮২৯ শিশু।

এ সময়ে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৭৯৯। এর মধ্যে সন্দেহজনক হামের উপসর্গের রোগী এক লাখ ৪৭ হাজার ৫৯১ জন এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ২০৮ শিশুর।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এক লাখ ২৮ হাজার ৮২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক লাখ ২৪ হাজার ৫৫৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুর মধ্যে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৭২ জন উপসর্গযুক্ত রোগী পাওয়া গেছে। তাদের মধ্যে ৫৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে দেশের শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও উপসর্গজনিত রোগীর সংখ্যা বাড়ার চিত্র উঠে এসেছে। পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার পাশাপাশি সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad