কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি ভেস্তে যাওয়ায় শুল্ক বাড়ানোর পথে ট্রাম্প

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৬, ১০:৫৮ দুপুর
  • ৭৩৫০ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার আলোচনা থেকে সরে এসেছে কানাডা। শেষ মুহূর্তে চুক্তির শর্ত নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় আলোচনায় অগ্রগতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেয় দেশটি। এর পরিপ্রেক্ষিতে কানাডার নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

নতুন শুল্ক প্রায় ২০ বিলিয়ন ডলারের কানাডীয় পণ্যের ওপর কার্যকর হতে পারে। যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির প্রায় ৫ শতাংশ এসব পণ্যের আওতাভুক্ত।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানিয়েছেন, চলতি সপ্তাহের শুরুতে দুই পক্ষ যে শর্তগুলোতে সম্মত হয়েছিল, সেগুলোর ভিত্তিতে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতে কানাডা অস্বীকৃতি জানিয়েছে।

তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির দাবি, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তে শেষ মুহূর্তে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো অন্যায্য এবং কানাডার জন্য লাভজনক নয়। তাঁর মতে, এ ধরনের পরিবর্তন যেকোনো চুক্তির নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করে।

কার্নি বলেন, কানাডার শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে শিগগিরই নতুন পদক্ষেপ ঘোষণা করবে তাঁর সরকার।

দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রতিবছর প্রায় ৮৮০ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা বাণিজ্য হয়। প্রায় পাঁচ হাজার ৫২৫ মাইল দীর্ঘ সীমান্ত দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ ও পণ্য দুই দেশের মধ্যে যাতায়াত করে।

ট্রাম্প প্রশাসনের কানাডাবিষয়ক বাণিজ্যনীতি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। কানাডার অর্থনীতির জন্যও নতুন শুল্ক বড় চাপ তৈরি করতে পারে। দেশটির মোট পণ্য রপ্তানির প্রায় ৭২ শতাংশই যুক্তরাষ্ট্রের বাজারনির্ভর।

বিশ্লেষকদের মতে, নতুন শুল্ক কার্যকর হলে কানাডার ব্যবসা-বাণিজ্য ও শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের ওপরও শুল্কের বাড়তি চাপ পড়তে পারে। এর ফলে বিভিন্ন পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে।

সূত্র: এনডিটিভি




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad