ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠা না হলে জনগণ আইনের সুফল পাবে না: শিশির মনির

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, ব্যক্তিগত কিংবা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। যে পক্ষের সঙ্গেই কাজ করা হোক না কেন, সবার মূল লক্ষ্য হওয়া উচিত দেশের কল্যাণ।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিশির মনির বলেন, বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রয়োজন প্রতিভাবান ও যোগ্যতাসম্পন্ন তরুণ সমাজ। এমন মেধাবী তরুণদের এগিয়ে আসতে হবে, যারা নিজেদের জ্ঞান, দক্ষতা ও কর্মের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।

রাষ্ট্র পরিচালনার কাঠামো প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রের মূল ভিত্তি গড়ে উঠেছে তিনটি স্তম্ভের ওপর—শাসন বিভাগ, বিচার বিভাগ ও আইন বিভাগ। প্রশাসনিক পদ কিংবা এই পিরামিড কাঠামো যতই শক্তিশালী হোক না কেন, সমাজে ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে জনগণ কখনোই আইনের সুফল পাবে না।

কোনো বড় পদে অধিষ্ঠিত হলেই একজন মানুষ সম্মানিত হয়ে যান না উল্লেখ করে সিনিয়র এই আইনজীবী বলেন, ব্যক্তির যোগ্যতা, নীতি ও কাজের মাধ্যমেই একটি পদ মর্যাদা পায়। শ্রেণিকক্ষের উদাহরণ দিয়ে তিনি বলেন, সব শিক্ষকের বড় ডিগ্রি থাকলেও সবাই শিক্ষার্থীদের হৃদয় স্পর্শ করতে পারেন না। শিক্ষকতা কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই প্রকৃত মান, যোগ্যতা ও আন্তরিকতাই একজন ব্যক্তির মূল্যায়নের প্রধান ভিত্তি।

শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক ইসহাক ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, রাবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আতিয়ার রহমান, চাকসুর সাবেক ভিপি জসিমউদ্দীন সরকারসহ অন্যরা।

নবীনবরণ অনুষ্ঠানের দুই পর্বে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কোরআন শরিফ, প্যাড-খাতা, কলম, বিভিন্ন বই, টি-শার্ট এবং কেন্দ্রীয় লাইব্রেরির ফ্রেমে বাঁধানো ছবি উপহার দেওয়া হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad