নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চট্টগ্রামের মিরসরাইয়ে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তালাত মাহমুদ শুভ (১৯) ও আবদুল্লাহ আল ওমর (১৯)। শুভ উপজেলার মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে। আবদুল্লাহ আল ওমর ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দুই বন্ধু বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় পৌঁছালে একটি লরি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শুভর মৃত্যু হয়। গুরুতর আহত ওমরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুজন বন্ধু ছিলেন। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরজনের বিষয়ে তখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উভয় এলাকায় পুলিশের সদস্যদের পাঠানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad