বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ইভিনিং ও নাইট শিফটে অপারেশন থিয়েটার (ওটি) চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, একটি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও ব্যবস্থাপনা অনেকাংশে চিকিৎসক ও নার্সদের দক্ষতার ওপর নির্ভরশীল। বিশেষ করে মুমূর্ষু রোগীদের সেবায় প্রশিক্ষিত ও দক্ষ নার্সিং সেবা অপরিহার্য। রোগীদের প্রয়োজন বিবেচনায় এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে।
শনিবার বিএমইউর সি ব্লকের ১০ম তলায় ১১ শয্যাবিশিষ্ট আইসিইউ-১ উদ্বোধন এবং নার্সদের মধ্যে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডা. সামাদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে পাঁচটি কোর্সে প্রশিক্ষণ নেওয়া ৮১ জন নার্সের মধ্যে সনদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। এতে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, বিএমইউর প্রতিটি বিভাগে বিশ্বের সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির মেয়াদ আরও বাড়ানো এবং আধুনিকায়নের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, প্রশিক্ষণ কর্মসূচি আরও সম্প্রসারিত হলে দক্ষ ও প্রশিক্ষিত নার্সের চাহিদা বাড়বে। তাই ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষিত নার্সের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন।
উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সিং পেশা বিশ্বে একটি উচ্চ দক্ষতাসম্পন্ন ও মহৎ পেশা। জ্ঞান, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে নার্সরা যাতে রোগীদের সর্বোচ্চ সেবা দিতে পারেন, সে লক্ষ্যেই বিএমইউ প্রশাসন কাজ করছে।
বিদেশের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অস্ট্রেলিয়ায় হাসপাতাল পরিচালনায় নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। চিকিৎসকেরা নির্দেশনা দেন এবং নার্সরা তা বাস্তবায়ন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. হাসনুল আলম। এ সময় অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ডা. মন্তোষ কুমার মণ্ডল, অধ্যাপক ডা. দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক ডা. রেফায়েত উল্লাহ সিদ্দিক, সহকারী অধ্যাপক ডা. তাজ উদ্দিন আহমেদসহ বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট শিক্ষার্থী ও নার্সরা উপস্থিত ছিলেন।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক