বাবার মৃত্যুবার্ষিকীতে দিঠির শ্রদ্ধার গান ‘ঘড়ির কাঁটা’

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ বিকাল
  • ৩২৭২ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করে বিশেষ গান প্রকাশ করেছেন তাঁর কন্যা, সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিঠি আনোয়ার। ‘ঘড়ির কাঁটা’ শিরোনামের গানটি গত ৪ সেপ্টেম্বর দিঠি আনোয়ারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এ প্রজন্মের শিল্পী অপু আমান। গানটি গাজী মাজহারুল আনোয়ারের লেখা অপ্রকাশিত গানগুলোর অন্যতম বলে জানিয়েছেন অপু আমান।

‘ঘড়ির কাঁটা’ প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, গানটি তাঁকে নিয়ে তাঁর বাবা লেখা ‘দিঠির খাতা’র আরেকটি গান। গাজী মাজহারুল আনোয়ার জীবিত থাকতেই তিনি গানটিতে কণ্ঠ দিয়েছিলেন। সম্প্রতি গানটির ভিডিও ধারণ করা হয়েছে।

দিঠি বলেন, তাঁর বাবা সহজ-সরল ভাষা ও সুন্দর শব্দচয়নের মাধ্যমে মানুষের কাছে সহজেই পৌঁছে যেতেন। ‘ঘড়ির কাঁটা’ গানটিতেও সেই বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করেন তিনি।

সুরকার অপু আমানের প্রশংসা করে দিঠি বলেন, অপু অসাধারণ সুর করেন এবং এ প্রজন্মের অন্যতম মেধাবী শিল্পী। সংগীতাঙ্গনে তাঁর প্রতিভাকে আরও বেশি কাজে লাগানো উচিত।

গাজী মাজহারুল আনোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অপু আমান বলেন, তাঁর কাছে গাজী মাজহারুল আনোয়ার ছিলেন বিস্ময়। তাঁকে সন্তানের মতো স্নেহ না করলে বাংলা গানের নিজস্ব আবেগ-অনুভূতির সঙ্গে তাঁর পরিচয় পূর্ণতা পেত না। এ জন্য তিনি গাজী মাজহারুল আনোয়ারের কাছে চিরঋণী।

এর আগে দিঠি আনোয়ারের ইউটিউব চ্যানেলে তাঁর বাবার লেখা ‘জন্মের পরে’, ‘রবি ঠাকুর’, ‘মেঘলা আকাশ’ ও ‘মধুর ক্যান্টিন’ গান প্রকাশিত হয়েছে।

এদিকে গাজী মাজহারুল আনোয়ারকে স্মরণ করে কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানান। তিনি গাজী মাজহারুল আনোয়ারের আত্মার শান্তি কামনা করে তাঁর জন্য দোয়া করেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad