মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ‘ট্রেনিং অব ডক্টরস অন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট অব ডেঙ্গু’ শীর্ষক অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সিভিল সার্জন এবং তৃণমূল পর্যায় থেকে বিশেষায়িত হাসপাতাল পর্যন্ত চিকিৎসকদের প্রতিনিধিরা সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হন।
বিজ্ঞানভিত্তিক চিকিৎসায় গুরুত্বউদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ডেঙ্গুর চিকিৎসায় বিজ্ঞানভিত্তিক পদ্ধতি নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী চিকিৎসকদের দক্ষ করে তোলা হচ্ছে। এর ফলে চিকিৎসাজনিত ভুল কমানোর পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুহারও কমানো সম্ভব হবে।
তিনি জানান, চলতি ডেঙ্গু মৌসুমে এখন পর্যন্ত ৬৩ হাজার ৬২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ হাজার ৮৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে প্রায় ৪ হাজার ৩০০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।
সীমিত সুযোগ-সুবিধা ও রোগীর চাপের মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সেবায় আক্রান্তদের প্রায় ৯৯ শতাংশ সুস্থ হয়ে উঠেছেন বলেও জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
তথ্যের ভিত্তিতে সংকট মোকাবিলাড. মুহিত বলেন, শুধু আবেগ বা অপরিকল্পিত সিদ্ধান্তের ভিত্তিতে কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এজন্য রোগতাত্ত্বিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং বিজ্ঞানভিত্তিক পরিকল্পনার মাধ্যমে চিকিৎসকদের প্রশিক্ষিত করে সমন্বিতভাবে সংকট মোকাবিলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ডেঙ্গুর মতো জনস্বাস্থ্য সংকটে রোগীর চিকিৎসা থেকে শুরু করে ব্যবস্থাপনার প্রতিটি পর্যায়ে প্রমাণভিত্তিক সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।
চিকিৎসকদের মর্যাদার ওপর গুরুত্বস্বাস্থ্যকর্মীদের পেশাগত মর্যাদা ও সামাজিক সুরক্ষার ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে ঢালাও মিডিয়া ট্রায়াল গ্রহণযোগ্য নয়। সেবাদাতা ও জনগণের মধ্যে দূরত্ব থাকা উচিত নয়। চিকিৎসকদের যথাযথ সম্মান নিশ্চিত করেই স্বাস্থ্যব্যবস্থার সংস্কার এগিয়ে নিতে হবে।
৩৫০ সিনিয়র চিকিৎসক প্রশিক্ষকঅনুষ্ঠানে জানানো হয়, মূল প্রশিক্ষণ কর্মসূচির আগে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের উদ্যোগে প্রায় সাড়ে ৩৫০ জন সিনিয়র চিকিৎসককে ‘ট্রেইনার্স ট্রেনিং’ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত এসব চিকিৎসকের মাধ্যমে দেশের ৪০টি জেলায় একযোগে ১ হাজার ৬০০ চিকিৎসককে ডেঙ্গুর ক্লিনিক্যাল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স