বাড়িতে চলছিল মেয়ের বিয়ের আয়োজন। বিয়ের বাজার করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন লোকমান হোসেন (৫০)। মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দিরু নামে এক মাছ ব্যবসায়ীও নিহত হয়েছেন।
নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। অপর নিহত দিরুর বাড়ি নেত্রকোনা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে লোকমান হোসেন মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী গাড়ি তাঁকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালকের পাশের আসনে থাকা মাছ ব্যবসায়ী দিরু গাড়ির ভেতরে আটকা পড়েন। দুর্ঘটনার পর গাড়িচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় লোকজন গুরুতর আহত লোকমান হোসেন ও দিরুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক লোকমান হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দিরুও মারা যান।
লোকমান হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, মেয়ের বিয়ের বাজার করে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বিয়ের আনন্দের বদলে তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
রাজেন্দ্রপুর চৌরাস্তা মডার্ণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত মাছবাহী গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রথম দর্পণ,ডেস্ক