মিরপুরে উচ্ছেদ অভিযান নিয়ে সমন্বয়ের আহ্বান ডা. শফিকুর রহমানের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ দুপুর
  • ৩৪৮৭ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাথ উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে উচ্ছেদ অভিযান পরিচালনার পরিবর্তে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কার্যকর সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান।

তিনি জানান, মিরপুর এলাকায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উচ্ছেদ অভিযান চালানোর সময় ফুটপাথে বসা ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১৩ থেকে মিরপুর-১০ এলাকার হোপ মার্কেট পর্যন্ত ফুটপাথে উচ্ছেদ অভিযান চলাকালে এ ঘটনা ঘটে। এতে সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয় এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরা আক্রান্ত হন বলে জানান তিনি। পুলিশের সদস্যদের সঙ্গেও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ সংগ্রহের সময় গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, উচ্ছেদ অভিযানের আগে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন ছিল। পারস্পরিক পরামর্শের মাধ্যমে এ বিষয়ে একটি কার্যকর ও বাস্তবসম্মত সমাধান বের করা সম্ভব ছিল বলেও উল্লেখ করেন তিনি।

ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য হিসেবে সংশ্লিষ্ট বিষয়ে তাকে আগে অবহিত করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা যেত বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তার মতে, সংঘাত এড়িয়ে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং পথচারীদের চলাচলও নির্বিঘ্ন থাকে।

ফুটপাথের ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগও তুলে ধরেন তিনি। তার দাবি, একদল অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে এসব ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিয়ে সেখানে ব্যবসার সুযোগ করে দিয়েছে। এর আর্থিক বোঝা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে বলেও তিনি উল্লেখ করেন।

এ পরিস্থিতিতে বিচ্ছিন্ন পদক্ষেপের পরিবর্তে সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন জামায়াতের আমির। ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সব পক্ষকে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সমস্যা যেখানে রয়েছে, সেখানেই সমাধানের পথও রয়েছে। সমাধান হতে হবে নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad