কখনো কি ভেবে দেখেছেন, কোলাহলময় এই বিশাল পৃথিবীতে পথ হারিয়ে ফেলা এক ক্ষণভঙ্গুর মানুষের জন্য স্রষ্টার সবচেয়ে বড় উপহার কি হতে পারে? তা হলো এমন এক অলৌকিক মানচিত্র, যা জীবনের প্রতিটি মোড়ে, প্রতিটি ঝড়ঝাপটায় হাত ধরে নিশ্চিত আলোর পথ দেখায়। পবিত্র কোরআনের দীর্ঘতম অধ্যায় ‘সুরা আল-বাকারাহ’ হলো ঠিক তেমনই এক পূর্ণাঙ্গ জীবনসংবিধান। এটি শুধু প্রাচীন কোনো ধর্মগ্রন্থের অংশ নয়; বরং মানুষের মনস্তত্ত্ব, পারিবারিক বন্ধন, সমাজভাবনা ও রাষ্ট্র পরিচালনার এক অমলিন দিকনির্দেশনা।
মদিনায় অবতীর্ণ এই সুরার গভীরতা থেকে যদি আমরা আমাদের প্রতিদিনের পথচলার জন্য ১০টি মূল অনুশাসন বেছে নিই, তবে তা আমাদের জীবনের ক্যানভাস এক নিমেষে বদলে দিতে পারে।
১. তাকওয়া : অন্তরের কম্পাস ও সংশয়হীন পথচলা
জীবনের কুয়াশাচ্ছন্ন মোড়ে দাঁড়িয়ে কোনটা ভালো আর কোনটা মন্দ, তা চেনার একমাত্র অলৌকিক শক্তি হলো ‘তাকওয়া’ বা খোদাভীতি। অন্তরে পরম করুণাময়ের ভয় ও ভালোবাসা থাকলে জীবনের প্রতিটি সিদ্ধান্তে এক পরম স্থিরতা চলে আসে। আর কোরআনের আলো শুধু তাদের হৃদয়েই কার্যকর হয়, যাদের অন্তরে এই তাকওয়ার সলতে জ্বলছে। ‘এ সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই; এটি মুত্তাকিদের (তাকওয়াবানদের) জন্য পথপ্রদর্শক।’ সুরা আল-বাকারাহ : ২
২. শয়তানের সূক্ষ্ম ফাঁদ ও তওবার আকুলতা
অন্যায় বা পাপ কখনোই একলাফে এসে আমাদের গ্রাস করে না; শয়তান অত্যন্ত চতুরতার সঙ্গে ছোট ছোট মিষ্টি প্রলোভন দিয়ে মানুষকে ভুল পথে টানে। ভুল করা মানবের স্বাভাবিক প্রবণতা, কিন্তু ইবলিসের মতো অহংকারে অন্ধ না হয়ে আদম (আ.)-এর মতো নতশিরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাওয়াই মুমিনের প্রকৃত সৌন্দর্য। ‘হে মানবজাতি! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র রয়েছে, তা থেকে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না; নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ সুরা আল-বাকারাহ : ১৬৮
৩. ধৈর্য ও সালাত : ঝড়ের রাতে নোঙর ফেলার আশ্রয়
কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে মানুষ যখন দিগবিদিক হারিয়ে ফেলে, তখন ধৈর্য ও সালাতই তাকে অটল থাকার শক্তি দেয়। জীবনের বিপদ যতই পাহাড়সম হোক না কেন, সালাতের সেজদায় নিজের কষ্ট ঢেলে দেওয়া এবং পরম ধৈর্যের সঙ্গে সময়ের মুখোমুখি হওয়ার নামই আসল ঈমান। ‘হে ঈমানদাররা! তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো; নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ সুরা আল-বাকারাহ : ১৫৩
৪. ক্ষয়ক্ষতির মুখে দাঁড়িয়ে অনন্ত শান্তির বিশ্বাস
প্রিয়জন হারানোর বেদনায় কিংবা ধনসম্পদের ক্ষয়ে হৃদয় যখন দুমড়ে-মুচড়ে যায়, তখন একটি গভীর বিশ্বাসই মানুষকে মানসিক ভারসাম্য ফিরিয়ে দেয়—এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নয়। আমাদের যা কিছু আছে এবং আমরা নিজেরাও এক পরম সত্তার দিকে ধাবমান। এই উপলব্ধি দুঃখের আগুনে পোড়া অন্তরে শীতল জল ঢেলে দেয়। ‘তারা কোনো বিপদে পতিত হলে বলে : নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চিতভাবেই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী।’ সুরা আল-বাকারাহ : ১৫৬
৫. সম্পর্কের সম্মান ও বিচ্ছেদের মধ্যেও সৌজন্য
দাম্পত্য জীবন হলো ভালোবাসার এক সুবাসিত বন্ধন। কিন্তু কখনো যদি অমিলের কারণে সেই বন্ধন ছিঁড়তেও হয়, তবু ইসলাম তাতে কোনো কাদা ছোড়াছুড়ির অনুমতি দেয় না। বিচ্ছেদের বিষাদময় মুহূর্তেও একে অপরের প্রতি সম্মান, সৌজন্য ও উদারতা বজায় রাখার শিক্ষা দেয় সুরা আল-বাকারাহ। ‘আর তোমরা নিজেদের মধ্যে পারস্পরিক সহানুভূতি ও সৌজন্যের কথা ভুলে যেও না।’ সুরা আল-বাকারাহ : ২৩৭
৬. শোষণহীন অর্থনীতি : সুদের অভিশাপ থেকে মুক্তি
অন্যের অসহায়ত্ব ও অভাবকে পুঁজি করে নিজের পকেট ভারী করা চরম এক সামাজিক অপরাধ। ইসলাম সুদের মতো শোষণমূলক ব্যবসাকে কঠোরভাবে বর্জন করে করজে হাসানা ও দানের মাধ্যমে এক মানবিক অর্থনীতি গড়ে তোলার তাগিদ দেয়। সম্পদ যেন শুধু অর্থশালীদের হাতে ঘুরপাক না খায়, তার চমৎকার সুরাহা এতে রয়েছে। ‘আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম।’ সুরা আল-বাকারাহ : ২৭৫
৭. লেনদেনের শতভাগ স্বচ্ছতা ও হিসাব
ভালোবাসা আর বিশ্বাসের সুতো দিয়ে সম্পর্কের ভিত গড়া যায়, কিন্তু আর্থিক লেনদেনের ভিত্তিতে চাই শতভাগ হিসাবের স্পষ্টতা। পরে যেন কোনো ভুল বোঝাবুঝি, সন্দেহ বা অন্যায়ের সুযোগ তৈরি না হয়, সেজন্য যেকোনো ছোট-বড় দেনাপাওনা লিখিত রাখা এবং সাক্ষী রাখার কঠোর অনুশাসন দেওয়া হয়েছে। ‘হে মুমিনরা! যখন তোমরা নির্দিষ্ট মেয়াদের জন্য পরস্পরের মধ্যে ঋণের লেনদেন করো, তখন তা লিখে রাখো।’ সুরা আল-বাকারাহ : ২৮২
৮. বিশ্বাসের উদারতা : জোরজবরদস্তির স্থান নেই
ধর্মের মূল চেতনা বাস করে মানুষের অন্তরের গভীরে। কাউকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে কিংবা জোর করে কখনো সত্যের অনুসারী বানানো যায় না। সত্য আর অসত্যের আলো সম্পূর্ণ আলাদা; নিজের বিবেক দিয়ে ভালোকে বেছে নেওয়ার স্বাধীনতাই ইসলামের অন্যতম সৌন্দর্য। ‘দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি বা জোরজবরদস্তি নেই; সত্য পথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে।’ সুরা আল-বাকারাহ : ২৫৬
৯. আত্মসংযম ও চরম ক্রোধ সংবরণ
বাহ্যিক শারীরিক শক্তির মহড়া দিয়ে কখনো বীর হওয়া যায় না; বরং নিজের রাগ ও আবেগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হলো আসল বীরত্ব। অন্যের ভুলের জবাবে তাকে ক্ষমা করে দেওয়া এবং নিজের ভেতরে জ্বলতে থাকা ক্রোধের আগুন গিলে ফেলাই মানুষকে শ্রেষ্ঠত্বের আসনে বসায়। ‘তোমরা সৎকাজ করো; নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ সুরা আল-বাকারাহ : ১৯৫
১০. সাধ্যের অতিরিক্ত বোঝা না থাকা ও পরম করুণা
সুরা আল-বাকারাহর শেষান্তে রয়েছে এক পরম স্বস্তির ঘোষণা। আল্লাহতায়ালা কখনোই তার কোনো বান্দার ওপর তার সহনশীলতার বাইরে কোনো পরীক্ষার বোঝা চাপিয়ে দেন না। আমাদের মানবীয় দুর্বলতাগুলোকে ক্ষমা করার জন্য এই আয়াতে শেখানো হয়েছে এক আকুল দোয়ার ভাষা। ‘আল্লাহ কারো ওপর এমন কোনো কষ্টের বোঝা চাপিয়ে দেন না, যা তার সাধ্যের বাইরে।’ সুরা আল-বাকারাহ : ২৮৬
সুরা আল-বাকারাহ মূলত কোনো বাধাধরা ধর্মীয় পাঠ নয়, বরং এটি আঁধার রাতে মোম জ্বালানোর এক পরম অলৌকিক উপহার। আমাদের প্রাত্যহিক চিন্তা, চালচলন, সামাজিক লেনদেন আর অন্তরের অনুভূতিগুলোকে যদি এই দশটি আয়াতের আয়নায় আমরা ধুয়ে নিই, তবে বৈষয়িক জীবনের কোনো ঝড়েই আমাদের আত্মিক প্রশান্তি আর কেঁপে উঠবে না।
লেখক: শিক্ষার্থী, ঢাকা কলেজ

প্রথম দর্পণ,ডেস্ক