জ্বালানি ও নিত্যপণ্যের দাম কমিয়ে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি খেলাফত মজলিসের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ দুপুর
  • ৬৩৬৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg ছবি: সংগৃহীত
জ্বালানি তেল, বিদ্যুৎ ও সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একই সঙ্গে সম্প্রতি শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও নির্যাতন বেড়ে যাওয়ায় কিশোর গ্যাং, মাদক সরবরাহকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে নেতারা বলেন, জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর ফলে জনজীবন সংকটের মধ্যে পড়েছে। এরই মধ্যে বাস ভাড়া ও বিভিন্ন নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। ফলে মূল্যস্ফীতির চাপও নতুন করে বৃদ্ধি পেয়েছে। গত ছয় মাসে দফায় দফায় জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোয় সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।

নেতারা অবিলম্বে জ্বালানি তেল, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবি জানান। একই সঙ্গে সম্প্রতি বাড়ানো জ্বালানি তেলের মূল্য প্রত্যাহারের আহ্বান জানান তারা।

শিশু নির্যাতন ও কিশোর গ্যাং দমনের দাবি

বৈঠকে শিশু-কিশোর হত্যা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। এসব অপরাধ ঠেকাতে কিশোর গ্যাং, মাদক সরবরাহকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের দাবি জানান দলটির নেতারা।

সংবিধান সংস্কারে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান

বৈঠকে নেতারা দাবি করেন, বিগত গণভোটে জনগণের দেওয়া রায় ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে উপেক্ষা করে সরকার একতরফাভাবে ‘সংবিধান সংশোধন কমিটি’র মাধ্যমে ১৯৭২ সালের সংবিধান বহাল রাখার উদ্যোগ নিচ্ছে। একই সঙ্গে নতুন করে গণভোট আয়োজনের কথা বলা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

তারা বলেন, জনগণ ইতোমধ্যে তাদের রায় দিয়েছে। সেই রায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত। নতুন করে গণভোটের আয়োজন না করে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করে গণরায়ের ভিত্তিতে সংবিধানের পূর্ণাঙ্গ রূপরেখা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় কেন্দ্রীয় নির্বাহী বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad