১১ দলের সাত দফা দাবি জনগণের আকাঙ্ক্ষা: কুষ্টিয়ায় মোবারক হোসাইন

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ দুপুর
  • ৫৩২৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
১১-দলীয় ঐক্যের সাত দফা দাবি কোনো নির্দিষ্ট দল বা জোটের নয়, বরং দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রাণের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার ঐতিহাসিক শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আগামী ৩১ অক্টোবরের লংমার্চের সমাপনী সমাবেশের মাঠ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মোবারক হোসাইন বলেন, সরকার সংবিধান সংশোধনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করছে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে শুধু সংবিধান সংশোধন নয়, প্রয়োজন সংস্কার।

৩১ অক্টোবর কুষ্টিয়ায় সমাপনী সমাবেশ

মোবারক হোসাইন জানান, দেশব্যাপী লংমার্চ কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে পৌঁছাবে ১১-দলীয় ঐক্যের লংমার্চ। সেখানে কর্মসূচির সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এটি নিছক কোনো জনসভা হবে না; কুষ্টিয়াবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হবে। এতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।

সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান

সংবিধান সংস্কারের গুরুত্ব তুলে ধরে মোবারক হোসাইন বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সংবিধান সংস্কারের সেই অঙ্গীকার ভুলে গেছে।

তিনি বলেন, জনগণের সাত দফা দাবি সরকারকে মেনে নিতে হবে। তাঁদের বিশ্বাস, এসব দাবি বাস্তবায়নে সরকার বাধ্য হবে।

মাঠ পরিদর্শনে উপস্থিত নেতারা

লংমার্চের সমাপনী সমাবেশের মাঠ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. এনামুল হকসহ দলের অন্যান্য নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad