ঢাকায় হিফজ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল, ২৪৩ হাফেজকে পুরস্কৃত করল জামায়াত

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৫১ বিকাল
  • ৪৯৭৫ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
পবিত্র কুরআনের হিফজ চর্চায় উৎসাহ দেওয়া ও প্রতিভাবান হাফেজদের স্বীকৃতি দিতে রাজধানীতে আয়োজিত ‘হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে ২৪৩ জন হাফেজকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কারের মধ্যে রয়েছে ওমরাহ পালনের সুযোগ, নগদ অর্থ, ল্যাপটপ, বাইসাইকেল ও সম্মাননা স্মারক।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সভাপতিত্ব করেন নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

অংশ নেন ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী

আয়োজকদের তথ্য অনুযায়ী, গত ১৬ জুলাই শুরু হওয়া এ প্রতিযোগিতায় ঢাকার প্রায় ৮০০টি কওমি ও আলিয়া মাদরাসার ১ লাখ ৩৫ হাজার শিক্ষার্থী অংশ নেন। পাঁচ মাসব্যাপী প্রতিযোগিতায় ১০, ২০ ও ৩০ পারা—এই তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি বিভাগ থেকে সেরা তিনজনসহ মোট ২৪৩ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয় বলে আয়োজকেরা জানান।

বিজয়ীদের মধ্যে ওমরাহ পালনের সুযোগ, নগদ অর্ধকোটি টাকা, ল্যাপটপ, বাইসাইকেল ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।

হাফেজদের নেতৃত্বে দেখতে চান জামায়াত আমির

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে হাফেজদের নিয়ে এমন বৃহৎ আয়োজন আগে হয়নি। পবিত্র কুরআন যাঁরা অন্তরে ধারণ করেছেন, তাঁদের শুধু মসজিদের মেহরাবে নয়, ভবিষ্যতে সমাজের নেতৃত্বের আসনেও দেখতে চান তাঁরা।

এ সময় ১০ পারা বিভাগে প্রথম স্থান অর্জনকারী শিশু হাফেজ রিদওয়ান বিন আলীর বাবা, মা ও উস্তাদকে ব্যক্তিগত উদ্যোগে ওমরাহ করানোর ঘোষণা দেন জামায়াত আমির।

ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, কওমি ও আলিয়া মাদরাসার পাঠ্যক্রমে পার্থক্য থাকলেও পবিত্র কুরআনের প্রশ্নে আলেম ও হাফেজরা এক ও অভিন্ন। হাফেজরা যেন সমাজে কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে পারেন এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখেন, সে লক্ষ্যেই এ সম্মাননার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নেতা মাওলানা যায়নুল আবেদিন, নগর উন্নয়ন ফোরামের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান মূসা, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ হাফেজ আব্দুল হক এবং মুফতি আলী হাসান ওসামাসহ বিশিষ্ট আলেম-ওলামা ও নেতারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad