ভেড়ামারায় বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি কাটায় দুজনের কারাদণ্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ বিকাল
  • ৪২৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোররাতে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন আশিকুর রহমান (৩৫) ও নাহিদ ইসলাম (২৬)।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির আওতাধীন বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের কাছের সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থানে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এলাকাটি বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামোর সংলগ্ন এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত।

এ ঘটনায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার জানান, বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে দুজনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের অতিরিক্ত এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad