বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে ২০০টি ব্রডগেজ (বিজি) যাত্রীবাহী কোচ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের প্রথম চালানের ১৮টি ব্রডগেজ কোচ দেশে এসে পৌঁছেছে। শুক্রবার দুপুরে ভারতের গেদে ও চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে।
ভারতের রাইটস লিমিটেডের সরবরাহ করা এই প্রথম চালানের ১৮টি ব্রডগেজ কোচের কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। আগামী ১৮ অক্টোবরের মধ্যে দর্শনা বন্দর থেকে কোচগুলো খালাস করা হতে পারে বলে জানা গেছে। খালাস কার্যক্রম শেষ হওয়ার পর কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। সেখানে সেগুলোর ডি-প্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ আসবে। এর অংশ হিসেবে প্রথম চালানের ১৮টি কোচ দেশে পৌঁছাল। নির্ধারিত আনুষ্ঠানিকতা শেষ হলে কোচগুলো সৈয়দপুরে যাবে এবং বাকি ১৮২টি কোচ পর্যায়ক্রমে দেশে আনা হবে।
এর আগে, গত ১২ অক্টোবর দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (হুসাইনপুর) থেকে ১৮টি কোচের এই চালানটি দর্শনা সীমান্তের উদ্দেশে রওনা হয়েছিল।

প্রথম দর্পণ,ডেস্ক