বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে: জামায়াত আমির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ০১ নভেম্বর ২০২৬, ১২:০২ দুপুর
  • ৩৮১১ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অবিলম্বে জনগণের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দাবি উপেক্ষা করা হলে আন্দোলন একদফায় রূপ নেবে। দেশ ও জনগণের স্বার্থে প্রয়োজনে সেই আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, কুষ্টিয়াবাসী বিকেল থেকে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছেন। রাত ১২টা বাজতে চলেছে, অথচ এর আগেই বর্তমান সরকার জাতির ১২টা বাজিয়ে দিয়েছে। ১১ দলীয় ঐক্য কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামেনি; তাদের উত্থাপিত সাত দফা মূলত দেশের সাধারণ মানুষের দাবি।

গণভোট ও নির্বাচন নিয়ে সরকারের সমালোচনা

সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ১৪ শতাধিক সন্তানের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছিল, বর্তমান সরকার সেই অর্জনকে যথাযথভাবে ধারণ করছে না। একই দিনে অনুষ্ঠিত গণভোটকে অবৈধ এবং সংসদ নির্বাচনকে বৈধ বলাকে তিনি চরম প্রবঞ্চনা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, রাজনীতির নোংরা ধারা দূর করে বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই ছিল শহীদদের আকাঙ্ক্ষা।

সাত দফা না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই-তৃতীয়াংশের বেশি আসন দখল করে সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে বলে অভিযোগ করেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। জনগণের রায় উপেক্ষা করলে সংশ্লিষ্ট পক্ষকে একসময় তার পরিণতি ভোগ করতে হয়। তাই ভালোয় ভালোয় জনগণের সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যথায় আন্দোলন একদফায় রূপ নেবে বলে সতর্ক করেন।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির খন্দকার এ কে এম আলী মুহসীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, চাকসুর ভিপি মো. ইব্রাহীম হোসেন (রনি), ডাকসুর জিএস এস এম ফরহাদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা এবং এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।

এ ছাড়া সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাবেশে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা এবং কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ জোটের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad