রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে নামফলক উন্মোচন করা হয়। শিকাগো সিটি কাউন্সিল সর্বসম্মতিক্রমে সড়কটির নামকরণের প্রস্তাব অনুমোদন করে। গত ২৩ সেপ্টেম্বর কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন।
সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতিনামকরণের প্রস্তাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদানকে গুরুত্ব দেওয়া হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আপসহীন ভূমিকা এবং দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।
প্রস্তাবে বলা হয়, খালেদা জিয়া বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ার বিষয়টিও নামকরণের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতারানামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, উদ্যোগের উদ্যোক্তা ও বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক উপস্থিত ছিলেন।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে নামকরণের কার্যক্রম পরিচালিত হয়।
পাশেই বাংলাদেশের প্রকৌশলী এফ আর খানের স্মৃতিবিজড়িত ভবনসড়কটির পাশেই অবস্থিত শিকাগোর বিখ্যাত উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট ভবনটির কাঠামোগত নকশা করেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান। বিশ্বব্যাপী তিনি এফ আর খান নামে পরিচিত।
একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত উইলিস টাওয়ারের পাশেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক।
উল্লেখ্য, ২০১৪ সালে শিকাগো শহরের অপর একটি সড়কের নামকরণ করা হয় ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক