‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে মিথিলার বদলে প্রভা

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ বিকাল
  • ১০৩২৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জনপ্রিয় ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে শায়লা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। আগের দুই সিজনে এ চরিত্রে অভিনয় করেছিলেন রাফিয়াত রশিদ মিথিলা। তবে এবার সিরিজটিতে থাকছেন না তিনি। যুক্তরাষ্ট্রে গবেষণা ও শিক্ষকতার কাজে ব্যস্ত থাকায় দেশে এসে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না মিথিলার।

ঢালিউড পরিচালক শিহাব শাহীন ২০২২ সালে নির্মাণ করেন ওটিটি সিরিজ ‘সিন্ডিকেট’। এ সিরিজেই প্রথম দেখা যায় ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি। পরে চরিত্রটি নিয়ে নির্মিত হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। নাম ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন অভিনেতা নাসির উদ্দিন খান।

গত বছর চরকিতে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর দ্বিতীয় সিজন। এবার আসছে সিরিজটির তৃতীয় সিজন। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। বরাবরের মতো অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করছেন নাসির উদ্দিন খান।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, তৃতীয় সিজনে শায়লা চরিত্রে যুক্ত হচ্ছেন সাদিয়া জাহান প্রভা। মিথিলার পরিবর্তে তাঁকে বেছে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণাবিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা শুরু করেছেন তিনি। এসব কাজে ব্যস্ত থাকায় সিরিজটির শুটিংয়ে অংশ নিতে দেশে আসা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

এদিকে, তৃতীয় সিজনে অভিনয়ের বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো খবর নিশ্চিত করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে চরকির নিজস্ব জনসংযোগ বিভাগ থেকে জানানো হবে।

সিরিজটির শুটিংয়ে চলতি মাসের শেষ দিকে প্রভার অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও এতে অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি।

আগামী ঈদুল ফিতরে সিরিজটি চরকিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad