নবীজির (সা.) এই উপমা শুধু দুনিয়ার ক্ষণস্থায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয় না, বরং একজন মুমিনের জীবনযাপন কেমন হওয়া উচিত, সেই শিক্ষাও দেয়। দুনিয়ায় বসবাস করতে হবে, দায়িত্ব পালন করতে হবে, জীবিকা উপার্জন করতে হবে; কিন্তু এসবের মধ্যে যেন আখিরাতের কথা ভুলে যাওয়া না হয়।
গাছের ছায়ায় মুসাফিরের মতো জীবনহজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, একবার রাসুলুল্লাহ (সা.) একটি চাটাইয়ের ওপর ঘুমিয়েছিলেন। ঘুম থেকে ওঠার পর তাঁর শরীরে চাটাইয়ের দাগ পড়ে যায়। সাহাবিরা বললেন, ‘হে আল্লাহর রাসুল! আমরা আপনার জন্য একটি নরম বিছানার ব্যবস্থা করলে কেমন হয়?’
জবাবে রাসুলুল্লাহ (সা.) বললেন,
‘দুনিয়ার সঙ্গে আমার কী সম্পর্ক! দুনিয়াতে আমার অবস্থান তো এমন একজন আরোহীর মতো, যে একটি গাছের নিচে ছায়া গ্রহণ করল, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সেখান থেকে চলে গেল এবং গাছটিকে পেছনে ফেলে গেল।’
—তিরমিজি, হাদিস ২৩৭৭
হাদিসটির প্রতিটি শব্দে রয়েছে গভীর জীবনদর্শন। একজন মুসাফির যেমন গাছের ছায়াকে নিজের স্থায়ী আবাস মনে করে না, তেমনি একজন মুমিনের কাছেও দুনিয়া চূড়ান্ত গন্তব্য নয়। গাছের ছায়ায় সাময়িক স্বস্তি পাওয়া যায়, কিন্তু মুসাফিরের আসল গন্তব্য আরও সামনে।
ঠিক তেমনি দুনিয়ার জীবন মানুষের জন্য একটি অস্থায়ী অবস্থান। এখানে সে কিছুদিন থাকবে, দায়িত্ব পালন করবে, জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবে। একসময় সবকিছু পেছনে ফেলে তাকে চলে যেতে হবে।
রাসুলুল্লাহ (সা.) নিজেই এই শিক্ষার বাস্তব উদাহরণ। ইচ্ছা করলে সাহাবিরা তাঁর জন্য আরামদায়ক বিছানার ব্যবস্থা করতে পারতেন। কিন্তু তিনি দুনিয়ার আরাম-আয়েশকে জীবনের প্রধান লক্ষ্য বানাননি। তাঁর কাছে আখিরাতের প্রস্তুতিই ছিল মূল বিষয়।
কুরআনের আলোকে দুনিয়ার ক্ষণস্থায়িত্বপবিত্র কুরআনেও আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের প্রকৃত স্বরূপ তুলে ধরেছেন। পার্থিব জীবনের চাকচিক্য, সম্পদ, সন্তান-সন্ততি ও প্রতিযোগিতা যে ক্ষণস্থায়ী, তা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন,
‘তোমরা জেনে রাখো, পার্থিব জীবন তো কেবল খেলাধুলা, আমোদ-প্রমোদ, সাজসজ্জা, পারস্পরিক অহংকার এবং ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে একে অন্যের চেয়ে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতা।’
—সুরা আল-হাদিদ, আয়াত ২০
একই আয়াতে আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে উৎপন্ন ফসলের উদাহরণ দিয়েছেন। প্রথমে ফসল সতেজ ও সুন্দর হয়ে ওঠে। কৃষক তা দেখে আনন্দিত হয়। কিন্তু কিছুদিন পর তা শুকিয়ে হলুদ হয়ে যায় এবং একসময় খড়কুটোয় পরিণত হয়।
দুনিয়ার জীবনও এমন। যে যৌবন নিয়ে মানুষ অহংকার করে, একসময় তা বার্ধক্যে রূপ নেয়। যে সম্পদ নিয়ে গর্ব করে, একদিন তা অন্যের হাতে চলে যায়। যে সৌন্দর্য নিয়ে মানুষ মুগ্ধ থাকে, সময়ের ব্যবধানে তা মলিন হয়ে পড়ে। আর যে ক্ষমতা ও প্রভাবের কারণে মানুষ অন্যকে অবজ্ঞা করে, মৃত্যুর পর তার কোনো মূল্য থাকে না।
আল্লাহ তাআলা বলেন,
‘আর পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া কিছুই নয়।’
—সুরা আল-হাদিদ, আয়াত ২০
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন,
‘এই পার্থিব জীবন তো খেলাধুলা ও আমোদ-প্রমোদ ছাড়া কিছুই নয়। আর আখিরাতের জীবনই প্রকৃত জীবন, যদি তারা জানত।’
—সুরা আল-আনকাবুত, আয়াত ৬৪
এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে, দুনিয়ার জীবন যতই আকর্ষণীয় মনে হোক, প্রকৃত ও স্থায়ী জীবন হলো আখিরাতের জীবন। তাই সাময়িক জীবনের মোহে পড়ে চিরস্থায়ী জীবনের প্রস্তুতি বিসর্জন দেওয়া বুদ্ধিমানের কাজ নয়।
মুমিনের জীবন হবে মুসাফিরের মতোদুনিয়ার ক্ষণস্থায়িত্বের কথা বলার পাশাপাশি রাসুলুল্লাহ (সা.) একজন মুমিনের জীবনযাপন কেমন হওয়া উচিত, সেটিও শিখিয়েছেন।
হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) একদিন তাঁর কাঁধ ধরে বললেন,
‘তুমি দুনিয়াতে এমনভাবে থাকো, যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা পথ অতিক্রমকারী মুসাফির।’
—সহিহ বুখারি

প্রথম দর্পণ,ডেস্ক