বিশিষ্ট ইসলামি আলোচক শাইখ মিজানুর রহমান আজহারী তাঁর প্রাক্তন শিক্ষক ও দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিককে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন। দীর্ঘ সাত বছরের শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের নানা অভিজ্ঞতা তুলে ধরে তিনি শিক্ষক হিসেবে তাঁর ব্যক্তিত্ব, নেতৃত্ব, স্নেহ, শাসন ও শিক্ষার্থীদের জীবন গঠনে অবদানের কথা স্মরণ করেছেন।
আজহারীর ভাষায়, আ খ ম আবু বক্কর সিদ্দিক একজন ‘অতুলনীয় ব্যক্তিত্ব’। তাঁর মধ্যে নেতৃত্বের দক্ষতা, ব্যক্তিত্বের দৃঢ়তা, সহকর্মী ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিকতা এবং প্রতিটি কাজে নিষ্ঠা ও আন্তরিকতার অসাধারণ সমন্বয় রয়েছে।
সম্প্রতি তরুণ লেখক ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহেদুল ইসলাম আল রাইয়ানের সঙ্গে এক আলাপচারিতায় নিজের শিক্ষককে নিয়ে এসব স্মৃতির কথা জানান আজহারী।
স্মৃতিচারণে তিনি বলেন, একজন আদর্শ শিক্ষকের পরিচয় শুধু পাঠদান কিংবা প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীর চিন্তা, মনন ও জীবন গঠনে যাঁরা গভীর প্রভাব রাখেন, তাঁদের অবদান সময় ও দূরত্ব পেরিয়েও অমলিন থাকে। তাঁর শিক্ষক আ খ ম আবু বক্কর সিদ্দিক তেমনই একজন মানুষ।
দারুননাজাতের অগ্রযাত্রায় অবদান
আজহারীর মূল্যায়নে, নব্বইয়ের দশক থেকে ২০২০ সাল পর্যন্ত দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার যে অগ্রযাত্রা ও স্বতন্ত্র অবস্থান তৈরি হয়েছে, তার পেছনে প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিকের দীর্ঘদিনের শ্রম, দূরদর্শিতা, প্রজ্ঞা ও নিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি মনে করেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কেবল অবকাঠামোগত অগ্রগতির বিষয় নয়। শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক এবং আদর্শ প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ও এর গুরুত্বপূর্ণ অংশ। দারুননাজাতের অগ্রযাত্রায় এসব বিষয়ের সমন্বয় ঘটেছে।
শিক্ষার্থীর সম্ভাবনা বিকাশে বিশেষ মনোযোগ
শিক্ষার্থী থাকাকালে প্রিন্সিপাল হুজুরের কাছ থেকে বিশেষ স্নেহ ও সহযোগিতা পেয়েছেন বলে জানান আজহারী। বিভিন্ন বিষয়ে তাঁকে কাছে ডাকতেন, মতামত জানতে চাইতেন এবং অতিথিদের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতেন।
শুধু পড়াশোনার খোঁজখবর নয়, তাঁর শারীরিক অবস্থা, ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলতেন শিক্ষক। কীভাবে আরও ভালো করা যায় এবং জাতীয় পর্যায়ে কীভাবে অবদান রাখা সম্ভব, সে বিষয়েও পরামর্শ দিতেন।
আজহারীর মতে, একজন শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা শনাক্ত করে তা বিকশিত করার বিরল দক্ষতা তাঁর শিক্ষকের মধ্যে ছিল।
শাসনের আড়ালে ছিল গভীর স্নেহ
শিক্ষকের শাসনের স্মৃতিও তুলে ধরেছেন আজহারী। তাঁর ভাষ্য অনুযায়ী, কোনো ভুল হলে প্রিন্সিপাল হুজুর তা ধরিয়ে দিতেন এবং প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দিতেন। তবে সেই শাসনের পেছনে থাকত শিক্ষার্থীর কল্যাণের প্রত্যাশা।
নসিহত করার পর তিনি বুঝিয়ে দিতেন, কথাগুলো কোনো নেতিবাচক মনোভাব থেকে নয়; বরং শিক্ষার্থীর মঙ্গলের জন্যই বলা হয়েছে। ফলে তাঁর শাসনের মধ্যেও স্নেহ ও মমতার প্রকাশ ছিল।
হুজুরের ডাক শুনলেই মনে হতো ভয়
স্মৃতিচারণের একপর্যায়ে আজহারী শিক্ষাজীবনের একটি মজার অভিজ্ঞতার কথা জানান। মাগরিবের পর পড়তে বসার সময় হঠাৎ খবর আসত, প্রিন্সিপাল হুজুর তাঁকে ডাকছেন। তখন মনে নানা আশঙ্কা তৈরি হতো।
কিন্তু সেই ভয়ের আড়ালে ছিল আনন্দও। কারণ, শিক্ষক তাঁকে কাছে রাখতে এবং তাঁর সঙ্গে কথা বলতে পছন্দ করতেন। কখনো কখনো দীর্ঘ সময় দাঁড়িয়ে আলোচনা ও নসিহত চলত। এশার আজান হয়ে গেলেও কথোপকথন শেষ হতো না। একপর্যায়ে শিক্ষক নিজেই বলতেন, ‘অনেক কথা বলে ফেললাম। ঠিক আছে মিজান, এখন যাও।’
আজহারীর কাছে শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্কের এসব মুহূর্ত আজও স্মরণীয়।
তাহাজ্জুদে মনে পড়ত প্রিয় শিক্ষার্থীর মুখ
আজহারীর স্মৃতিতে বিশেষ জায়গা করে আছে শিক্ষকের একটি আবেগঘন মন্তব্য। কামারখোলায় ছারছিনার নতুন খানকার একটি অনুষ্ঠানে পরীক্ষার কারণে তাঁরা যেতে পারেননি। পরে শিক্ষক তাঁকে জানিয়েছিলেন, মাহফিলের রাতে তাহাজ্জুদে কিংবা মোনাজাতে হাত তুললেই তাঁর চেহারা চোখের সামনে ভেসে ওঠে।
একজন শিক্ষকের কাছ থেকে এমন স্নেহপূর্ণ স্বীকারোক্তিকে জীবনের অন্যতম সৌভাগ্যময় স্মৃতি হিসেবে উল্লেখ করেন আজহারী।
শিক্ষাসফরেও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকতা
শিক্ষাসফরের স্মৃতিচারণ করতে গিয়ে আজহারী জানান, আনুষ্ঠানিক পরিবেশের বাইরে শিক্ষক আরও সহজ ও আন্তরিক হয়ে উঠতেন। পাহাড়ে ওঠার সময় শিক্ষার্থীদের হাত ধরে সহযোগিতা করতেন, তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতেন এবং বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে জানতে চাইতেন।
এ সময় তাঁকে মাইক্রোফোন হাতে দিয়ে বক্তব্য দেওয়ার সুযোগও করে দিতেন। এভাবেই শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখতেন তিনি।
সব মিলিয়ে প্রিন্সিপাল আ খ ম আবু বক্কর সিদ্দিককে একজন দূরদর্শী শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানের পাশাপাশি স্নেহশীল, পরোপকারী ও আদর্শ শিক্ষাগুরু হিসেবে মূল্যায়ন করেছেন শাইখ মিজানুর রহমান আজহারী।
তাঁর মতে, একজন শিক্ষকের প্রকৃত সার্থকতা এখানেই—শিক্ষার্থীরা জীবনের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হওয়ার পরও তাঁর শিক্ষা, স্নেহ ও নসিহত হৃদয়ে ধারণ করে রাখে। সময়ের ব্যবধানে শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রজন্ম বদলে গেলেও কিছু শিক্ষকের অবদান কখনো মুছে যায় না।

প্রথম দর্পণ,ডেস্ক