৮২ হাজারের বেশি মসজিদে সম্মানী পাবেন ইমাম-মুয়াজ্জিন, বরাদ্দ ১১০০ কোটি টাকা

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫০ দুপুর
  • ৯৫৯৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

চলতি অর্থবছরে ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় নেতা ও সেবাকর্মী আসছেন কর্মসূচির আওতায়

দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের হাতে সম্মানী তুলে দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এসব তথ্য জানিয়েছেন।

উপদেষ্টা জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য মাসিক সম্মানী এবং প্রশিক্ষণভিত্তিক কল্যাণব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে তাঁদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়াই সরকারের লক্ষ্য।

চলতি অর্থবছরে কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী এ সুবিধা পাবেন।

নির্ধারিত কাঠামো অনুযায়ী, একজন মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও সরকারি এ সহায়তার আওতায় আসবেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, দেশের প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে দায়িত্ব পালন করেন। বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নিয়মিত আয়ের সুযোগ কম। তাঁদের নিয়মিত সম্মানী দেওয়া হলে জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।

পাইলট প্রকল্পে শুরু, এবার পরিধি বাড়ছে

সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী দেওয়ার কার্যক্রম চলতি বছরের ১৪ মার্চ পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে কর্মসূচির আওতায় আনা হয়। তাঁদের মধ্যে ছিলেন ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন এবং বাকিরা খাদেমসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মী। পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সরাসরি ব্যাংক ও মোবাইল হিসাবে যাবে অর্থ

সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে সুবিধাভোগীদের অর্থ দেওয়া হবে। তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে তাঁদের ব্যাংক হিসাব অথবা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে অর্থ পাঠানো হবে।

এ বিষয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, কোনো ইমাম, মুয়াজ্জিন কিংবা ধর্মীয় সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাঁদের ব্যাংক অথবা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানীর টাকা পৌঁছে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কর্মসূচি বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

চার বছরে সব ধর্মীয় প্রতিষ্ঠান অন্তর্ভুক্তির পরিকল্পনা

সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন উপদেষ্টা। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এ কাজে তাঁদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি সহায়তা করছেন। প্রতিষ্ঠান নির্বাচন কিংবা তালিকা প্রণয়নে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি বলে দাবি করেন তিনি।

উপদেষ্টার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার এবং ১ হাজার ২০৪টি গির্জা। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের প্রায় এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলো আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এ সেলের অষ্টম সভা গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad