বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে এসব গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে নির্যাতনের শিকার রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্য, ভুক্তভোগী, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেবেন।
গণশুনানির মাধ্যমে বিভিন্ন সময়ে সংঘটিত অপরাধের তথ্য, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং ভুক্তভোগী পরিবারের অভিজ্ঞতা সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে।
চিঠিতে আরও জানানো হয়, গণশুনানি আয়োজনের ক্ষেত্রে সরকার সার্বিক সহযোগিতা করবে। প্রতিটি উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিং এবং বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার মাধ্যমে স্থানীয় জনগণকে এ বিষয়ে অবহিত করা হবে।
এ ছাড়া জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানি আয়োজনের পাশাপাশি ভুক্তভোগী পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার এ উদ্যোগের লক্ষ্য আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহ এবং বিচারপ্রক্রিয়ায় প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক