সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ বিকাল
  • ৯২৯৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বিস্ফোরক দ্রব্য আইনে মামলা; বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারী ও অর্থদাতাদের শনাক্তে জিজ্ঞাসাবাদ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রহমান আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারীদের শনাক্ত, পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অর্থ জোগানদাতা ও নির্দেশদাতাদের নাম-ঠিকানা জানতে দেলোয়ারকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

বিস্ফোরণে আহত আইনজীবী

মামলার অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর কোতোয়ালি থানাধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের পাকা রাস্তায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ককটেলসদৃশ বোমার বিস্ফোরণ ঘটায়।

জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আদালতের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে এ বিস্ফোরণ ঘটানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা আইনজীবী হৃদয় মিয়া আহত হন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ

বিস্ফোরণের পর আদালত ভবনের ৯ নম্বর কোর্টের সামনে উপস্থিত লোকজন দেলোয়ার হোসেনকে আটক করেন। পরে তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের সোয়াব, জর্দার কৌটার অংশবিশেষ, লাল কচটেপ, পেরেক ও কাচের টুকরাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ।

তথ্যসূত্র: , ২৬ নভেম্বর ২০২৬; আদালতসংশ্লিষ্ট সূত্র ও মামলার এজাহারে উল্লেখিত তথ্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad