টালিউড অভিনেত্রী শতাব্দী রায়ের অভিনয়জীবন শুরু হয়েছিল ১৯৮৬ সালে তপন সিনহার ‘আতঙ্ক’ সিনেমার মাধ্যমে। ঠিক চার দশক পর বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর মেয়ে শামিয়ানার। পরিচালক অতনু রায়ের ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমা ‘ফাতেমা’-তে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করবেন তিনি।
শতাব্দী রায় ও মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়ের মেয়ে শামিয়ানা ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী। মায়ের পথ অনুসরণ করে এবার অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চান তিনি। সিনেমাটিতে শামিয়ানাকে দেখা যাবে কিশোরী জুবেদার চরিত্রে। আর ফাতেমা বেগমের নাম ভূমিকায় অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম যুগান্তর।
মায়ের পরিচয়ে নয়, নিজের যোগ্যতায় কাজ করতে চানমেয়ের বড়পর্দায় অভিষেকের খবরে উচ্ছ্বসিত শতাব্দী রায়। তিনি বলেন, শামিয়ানার অভিনয়ের ইচ্ছা থাকলেও তাঁর ছেলের এ বিষয়ে আগ্রহ নেই। মেয়েকে নিজের যোগ্যতায় অভিনয়জগতে প্রতিষ্ঠিত হতে দেখতে চান তিনি।
শতাব্দী বলেন, ‘আমি চাই, শতাব্দী রায়ের মেয়ে হিসেবে নয়, নিজের যোগ্যতায় আমার মেয়ে অভিনয়জগতে কাজ করুক। ও ভালো কাজ করলে আমার অবশ্যই ভালো লাগবে।’
নিজের অভিনয়জীবনের শুরুর সঙ্গে মেয়ের অভিষেকের সময়ের মিলকে আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, নিজের আত্মপ্রকাশের ঠিক ৪০ বছর পর মেয়ের বড়পর্দায় যাত্রা শুরু হচ্ছে। এ সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে শামিয়ানার অভিনয়ের বিষয়টিও তাঁকে আনন্দিত করেছে।
শতাব্দী আরও বলেন, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ফাতেমা বেগম ভারতের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত। অথচ অনেক সিনেমাপ্রেমী মানুষও তাঁর সম্পর্কে জানেন না। ‘ফাতেমা’ সিনেমার মাধ্যমে দর্শকেরা এই পথিকৃৎ নির্মাতার জীবন ও অবদান সম্পর্কে জানতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
কিশোরী জুবেদার চরিত্রে শামিয়ানাসিনেমাটিতে ফাতেমা বেগমের দ্বিতীয় কন্যা জুবেদার কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করবেন শামিয়ানা। আর প্রাপ্তবয়স্ক জুবেদার ভূমিকায় থাকছেন আনন্দরূপা চক্রবর্তী।
নির্বাক চলচ্চিত্রের যুগেই জুবেদা একজন বিশিষ্ট অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা পান। পরে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র ‘আলম আরা’ (১৯৩১)-এর মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। সিনেমাটি তাঁর কর্মজীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং সবাক চলচ্চিত্রের অন্যতম শীর্ষ তারকা হিসেবে তাঁকে প্রতিষ্ঠিত করে।
১৯৩০ ও ১৯৪০-এর দশকের শুরুর দিকে বেশ কয়েকটি সফল ঐতিহাসিক ও পৌরাণিক চলচ্চিত্রে অভিনয় করেন জুবেদা। এসব সিনেমায় সুভদ্রা, উত্তরা ও দ্রৌপদীর মতো চরিত্রে দেখা যায় তাঁকে।
‘ফাতেমা’ নিয়ে উচ্ছ্বসিত ঋতুপর্ণাওসিনেমাটিতে শামিয়ানার অভিনয়ের খবর জেনে আনন্দ প্রকাশ করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বলেন, শতাব্দীর মেয়ে জুবেদার চরিত্রে অভিনয় করছে জেনে তিনি খুবই খুশি।
শতাব্দীর সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেছেন ঋতুপর্ণা। ‘ওম শান্তি’ সিনেমায় শতাব্দী তাঁকে পরিচালনাও করেছিলেন। সেই সহকর্মীর মেয়ের অভিনয়জীবন শুরু হওয়ার ঘটনায় আনন্দিত ঋতুপর্ণা। তাঁর মতে, আগামী বছর ‘ফাতেমা’ তাঁর কাছে অত্যন্ত বিশেষ একটি সিনেমা হতে চলেছে।
পরিচালক অতনু রায় জানান, কিশোরী জুবেদার চরিত্রের জন্য উপযুক্ত অভিনেত্রী খুঁজতে গিয়ে শামিয়ানার সঙ্গে তাঁর কথা হয়। এরপর তাঁর বিশ্বাস জন্মায়, এই চরিত্রের জন্য শামিয়ানাই সঠিক পছন্দ। সিনেমাটির ভাবনার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে শামিয়ানা জানান, মায়ের অনেক সিনেমা দেখে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছে। বড় হয়েও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিতে চান তিনি। প্রথম কাজ দর্শকের ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন এই নবাগত অভিনেত্রী।
ফাতেমা বেগমের জীবন ও সংগ্রাম নিয়ে সিনেমাঅরোরা ফিল্ম করপোরেশনের পক্ষে অঞ্জন বসু প্রযোজিত ‘ফাতেমা’ সিনেমাটি নির্মিত হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপটে। ফাতেমা বেগম পরিচালিত নির্বাক চলচ্চিত্র ‘বুলবুল-ই-পরিস্তান’ (১৯২৬)-এর শতবর্ষ উপলক্ষ্যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারতীয় চলচ্চিত্রের প্রাথমিক বিকাশে ফাতেমা বেগমের অবদান, তাঁর জীবন ও সংগ্রাম, পরিবার এবং স্বাধীন চলচ্চিত্র প্রতিষ্ঠান গড়ে তোলার দৃঢ় সংকল্প উঠে আসবে সিনেমাটিতে। একই সঙ্গে চলচ্চিত্রজগতে নিজের কন্যার প্রতিষ্ঠা গড়ে তুলতে ফাতেমা বেগমের প্রচেষ্টাও হবে কাহিনির গুরুত্বপূর্ণ অংশ।
সিনেমাটির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক পথিকৃৎ নারীর জীবন ও অবদান নতুন করে দর্শকের সামনে তুলে ধরার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

প্রথম দর্পণ,বিনোদন ডেক্স