বলিউডে সবচেয়ে দামি বিয়ের আংটি অসিনের, দাম ৬ কোটি রুপি

  • প্রথম দর্পণ,বিনোদন ডেক্স
  • আপলোড সময় : ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৬ দুপুর
  • ১১৩৫৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

শিল্পা শেঠি ও আলিয়া ভাটের আংটির দাম ৩ কোটি রুপি; নীতা আম্বানির আংটির মূল্য ৫৩ কোটি রুপির বেশি বলে জানা যায়

বলিউড তারকাদের বিয়ে মানেই জাঁকজমক, চোখধাঁধানো পোশাক আর দামি গহনার সমাহার। বিয়ের সাজে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে বাগদানের আংটি। কারও আংটিতে থাকে বিশাল আকৃতির হীরা, আবার কারও আংটি নজর কাড়ে ব্যতিক্রমী নকশায়। তবে বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে দামি বিয়ের আংটি রয়েছে ‘গজনী’খ্যাত অসিনের আঙুলে। আনুমানিক ৬ কোটি রুপি মূল্যের এই আংটিতে রয়েছে ২০ ক্যারেটের একটি বিশাল হীরা।

অসিনের আংটি ৬ কোটি রুপির

ব্যবসায়ী রাহুল শর্মার সঙ্গে ২০১৬ সালে বিয়ের সময় অসিন এই আংটি উপহার পান। বেলজিয়াম থেকে বিশেষভাবে তৈরি করিয়ে আনা হয়েছিল আংটিটি। এতে দম্পতির নামের আদ্যক্ষরও খোদাই করা রয়েছে। আংটির আনুমানিক মূল্য ৬ কোটি রুপি।

শিল্পা ও আলিয়ার আংটির দাম ৩ কোটি

২০০৯ সালে ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ের সময় শিল্পা শেঠিকে ২০ ক্যারেটের হীরার আংটি উপহার দেন রাজ। আংটিটির আনুমানিক দাম ৩ কোটি রুপি। বড় আকৃতির হীরা ও বিশেষ নকশার কারণে এটি সবার নজর কেড়েছিল। শোনা যায়, লন্ডন থেকে আংটিটি কিনেছিলেন রাজ।

অভিনেতা রণবীর কাপুরের দেওয়া আলিয়া ভাটের বিয়ের আংটির দামও প্রায় ৩ কোটি রুপি। এতে রয়েছে একটি বড় হীরার পাশাপাশি আটটি ছোট হীরা। রণবীরের কাছে আট সংখ্যাটির বিশেষ গুরুত্ব থাকায় আংটির নকশায় আটটি ছোট হীরা রাখা হয়েছিল বলে জানা যায়। ২০২২ সালের ১৪ এপ্রিল বিয়ে করেন রণবীর ও আলিয়া।

প্রিয়াংকা ও দীপিকার আংটিও কোটির ঘরে

নিক জোনাসের সঙ্গে বাগদানের সময় প্রিয়াংকা চোপড়ার আংটি নিয়ে ব্যাপক আলোচনা হয়। টিফানি অ্যান্ড কোম্পানির তৈরি প্ল্যাটিনামের এই আংটিতে রয়েছে একটি বড় কুশন-কাট হীরা এবং দুই পাশে ছোট হীরার কারুকাজ। আংটির দাম আনুমানিক ২ কোটি ৭০ লাখ রুপি। ২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরে বিয়ে করেন প্রিয়াংকা ও নিক।

দীপিকা পাড়ুকোনের বিয়ের আংটির দাম আনুমানিক ১ কোটি ৩০ লাখ থেকে ২ কোটি ৭০ লাখ রুপির মধ্যে। আয়তাকার নকশার হীরাটি প্ল্যাটিনামের ওপর বসানো। ২০১৮ সালের নভেম্বরে ইতালির লেক কোমোয় বিয়ে করেন দীপিকা ও রণবীর সিং।

আনুশকা, কিয়ারা ও সামান্থার আংটি

বিরাট কোহলির সঙ্গে বাগদানের সময় আনুশকা শর্মার আংটিও আলোচনায় আসে। অস্ট্রিয়ার এক গহনাশিল্পীর তৈরি এই আংটিতে রয়েছে একটি বড় হীরা। এর দাম আনুমানিক ১ কোটি রুপি। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে করেন বিরাট ও আনুশকা।

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বিয়ের সময় কিয়ারা আদভানির আঙুলে দেখা যায় বড় হীরার একটি আংটি। সাবেকি ও আধুনিক নকশার সমন্বয়ে তৈরি আংটির দাম ১ কোটি থেকে ১ কোটি ৩০ লাখ রুপি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারা।

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর আংটিটিও নকশার দিক থেকে ব্যতিক্রমী। আটটি পাপড়ির মতো নকশায় বসানো রয়েছে আটটি হীরা। এর আনুমানিক দাম ১ কোটি ৫০ লাখ রুপি বলে জানা গেছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন সামান্থা।

রানি ও সোনমের আংটির দামও কোটির কাছাকাছি

পরিচালক আদিত্য চোপড়ার সঙ্গে ২০১৪ সালের ২১ এপ্রিল বিয়ে করেন রানি মুখার্জি। বিয়ের পর তাঁর আঙুলে দেখা যায় বড় হীরার একটি আংটি। সাবেকি নকশার এই আংটির দাম আনুমানিক ২ কোটি রুপি বলে শোনা যায়।

অন্যদিকে, ব্যবসায়ী আনন্দ আহুজার দেওয়া সোনম কাপুরের বিয়ের আংটিতে রয়েছে বড় একটি হীরা। ২০১৮ সালের ৮ মে মুম্বাইয়ে বিয়ে করেন সোনম ও আনন্দ। আংটিটির দাম আনুমানিক ৯০ লাখ রুপি।

নীতা আম্বানির আংটির দাম ৫৩ কোটি রুপির বেশি

শুধু অভিনেত্রীরাই নন, শিল্পপতিদের স্ত্রীরাও বিয়ের আংটির জাঁকজমকে এগিয়ে রয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম নীতা আম্বানি। তাঁর আংটিতে রয়েছে ৫২ দশমিক ৫৮ ক্যারেটের একটি হীরা। মোগল যুগের নকশার ছোঁয়া থাকা এই আংটির দাম ৫৩ কোটি রুপির বেশি বলে জানা যায়।

কারিনা কাপুর, ঐশ্বরিয়া রাই বচ্চন ও বিদ্যা বালানের সংগ্রহেও রয়েছে দামি বিয়ের আংটি। তবে এসব আংটির মূল্য নিয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। ফলে উল্লেখিত দামগুলোকে আনুমানিক হিসাব হিসেবেই বিবেচনা করা হচ্ছে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad