সংসদে ও সংসদের বাইরে মন্ত্রীরা নানা প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিতভাবে তদারক করা হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। এ ক্ষেত্রে সংসদীয় কমিটিগুলোর কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি মন্ত্রীদের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তাসনিম জারা। সংসদ কীভাবে জনগণের জন্য আরও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে একটি গণমাধ্যম আয়োজিত আলোচনায় অংশ নিয়ে তিনি তিনটি নির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন।
প্রস্তাবগুলো হলো—গ্যাস না পেলে বিল না নেওয়ার আইন প্রণয়ন, মন্ত্রীদের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত তদারকি এবং সংসদ সদস্যদের উপহার ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ।
গ্যাস না পেলে বিল নয়
তাসনিম জারা বলেন, নির্বাচনের সময় তিনি এলাকার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, গ্যাস না পেলে গ্যাসের বিল দিতে হবে না—এ মর্মে সংসদে একটি বিল উত্থাপন করবেন। এলাকার মানুষ এ প্রতিশ্রুতির কথা সবচেয়ে বেশি মনে রেখেছেন, কারণ গ্যাসের সংকট তাঁদের প্রতিদিনের দুর্ভোগের সঙ্গে জড়িত।
তিনি জানান, খিলগাঁও, সবুজবাগ ও মুগদার অনেক পরিবার প্রতি মাসে ১ হাজার ৮০ টাকা গ্যাস বিল দিলেও নিয়মিত গ্যাস পাচ্ছে না। অনেককে রান্নার জন্য রাত ২টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। বাধ্য হয়ে অনেকে সিলিন্ডার গ্যাস কিনছেন।
তাসনিম জারার ভাষ্য অনুযায়ী, গত জানুয়ারিতে একটি সিলিন্ডারের সরকারি দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা, যা চলতি নভেম্বরে বেড়ে ২ হাজার ৬০ টাকা হয়েছে। তবে দোকানে এ দামেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না; অনেক জায়গায় ২ হাজার ৫০০ টাকা বা তার বেশি দামে কিনতে হচ্ছে।
এ পরিস্থিতিতে সংসদে তিনটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন তিনি। প্রথমত, বেসরকারি সদস্য বিলের মাধ্যমে এমন আইন করা, যাতে কোনো মাসে যথাযথভাবে গ্যাস সরবরাহ না হলে পুরো মাসের বিল নেওয়া না যায়। দ্বিতীয়ত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে ডেকে গ্যাস না পেয়েও কত পরিবার বিল দিচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় প্রিপেইড মিটার কবে বসবে, তা জানতে চাওয়া। তৃতীয়ত, আইন প্রণয়ন না হওয়া পর্যন্ত যেসব এলাকায় গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে, সেসব এলাকার বিল কমানোর সুপারিশ করা।
তিনি বলেন, প্রিপেইড মিটার থাকলে গ্রাহক যতটুকু গ্যাস ব্যবহার করবেন, ততটুকুরই বিল দেবেন। এ ব্যবস্থা সবার জন্য চালু হওয়া উচিত।
মন্ত্রীদের প্রতিশ্রুতির হিসাব প্রকাশের আহ্বান
তাসনিম জারা বলেন, মন্ত্রীরা সংসদে ও সংসদের বাইরে অনেক প্রতিশ্রুতি দেন। কিন্তু সেগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়ে নিয়মিতভাবে কেউ খোঁজ রাখেন না।
উদাহরণ হিসেবে তিনি বলেন, গত জুনে সংসদে এক মন্ত্রী জানিয়েছিলেন, সহিংসতার শিকার নারী ও শিশুদের জন্য ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারের সংখ্যা ১৫ থেকে বাড়িয়ে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে চালু করা হবে। নভেম্বরের শেষ দিকে এসে কতটি সেন্টার চালু হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
তাসনিম জারা আরও বলেন, শুধু সেন্টার চালু করলেই হবে না, সেখান থেকে মানুষের কাছে কার্যকর সেবা পৌঁছাতে হবে। ২০২২ সালে ১০৯ হেল্পলাইনে সাত লাখের বেশি কল এলেও ৯৫ শতাংশ ক্ষেত্রে কলদাতারা শুধু তথ্য পেয়েছিলেন, এর বেশি কিছু নয় বলে তিনি উল্লেখ করেন।
এ প্রসঙ্গে এক নির্যাতিত নারীর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্বামীর হাতে নির্যাতনের শিকার হয়ে ঘর ছাড়ার পর ওই নারী ১০৯ নম্বরে ফোন করেছিলেন। তখন তাঁর কোলে ছিল চার মাসের শিশু। তাঁকে সদরঘাটে আদালতের পাশে একজন আইনজীবী খুঁজে নিতে বলা হয়েছিল। কিন্তু ওই নারী সেখানে কীভাবে যাবেন, কিংবা পরে তাঁর খোঁজ নেওয়া হয়েছিল কি না—এসব বিষয়ে প্রশ্ন তোলেন তিনি।
এ ক্ষেত্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকেই মন্ত্রণালয়ের কাছে লিখিত জবাব চাওয়ার প্রস্তাব দেন তাসনিম জারা। ৩৭টি মেডিকেল কলেজের মধ্যে কতটিতে সেন্টার চালু হয়েছে, বাকিগুলো কবে চালু হবে এবং ১০৯ নম্বরে ফোন করা কতজন নারী ও শিশু প্রকৃতপক্ষে আইনি সহায়তা, চিকিৎসা বা আশ্রয় পেয়েছেন, তা জানতে চান তিনি।
পাশাপাশি প্রতিটি সংসদীয় স্থায়ী কমিটিকে মন্ত্রীদের প্রতিশ্রুতি ও নিজেদের সুপারিশের তালিকা সংসদের ওয়েবসাইটে প্রকাশের আহ্বান জানান। তালিকায় কোন মন্ত্রণালয় দায়িত্বে রয়েছে, কাজ শেষ করার সময়সীমা এবং বাস্তবায়নের অগ্রগতি উল্লেখ করার প্রস্তাব দেন তিনি।
এমপিদের উপহার ও স্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশের প্রস্তাব
সংসদ সদস্যদের উপহার ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট তথ্য নিয়মিত প্রকাশেরও আহ্বান জানিয়েছেন তাসনিম জারা।
তিনি বলেন, নির্বাচনের আগে মনোনয়নপত্রের সঙ্গে সংসদ সদস্যরা সম্পদের হিসাব দিলেও পরবর্তী পাঁচ বছরে ভোটাররা তাঁদের সম্পর্কে আর তেমন কোনো তথ্য জানতে পারেন না। কে তাঁদের উপহার দিচ্ছেন, বিদেশ সফরের খরচ কে বহন করছেন কিংবা কোনো ব্যবসায়ীর সঙ্গে কী ধরনের স্বার্থসংশ্লিষ্ট সম্পর্ক রয়েছে—এসব তথ্য প্রকাশ না হলে সংসদ সদস্যরা কার স্বার্থে কথা বলছেন, তা বোঝা কঠিন।
এ জন্য কার্যপ্রণালী বিধি সম্পর্কিত কমিটির মাধ্যমে নতুন নিয়ম চালুর প্রস্তাব দেন তিনি। প্রস্তাব অনুযায়ী, নির্দিষ্ট অঙ্কের বেশি মূল্যের উপহার, ব্যবসায়িক স্বার্থ এবং বিদেশ সফরের ব্যয় কে বহন করছেন, তা সংসদ সদস্যদের প্রকাশ করতে হবে। সংসদ সচিবালয় প্রতি তিন মাসে এসব তথ্য সংসদের ওয়েবসাইটে হালনাগাদ করবে।
যুক্তরাজ্যের পার্লামেন্টে এ ধরনের তথ্য প্রকাশের ব্যবস্থা বহু বছর ধরে চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতে সৎ সংসদ সদস্যদেরও নিজেদের স্বচ্ছতা প্রমাণের সুযোগ তৈরি হবে।
তাসনিম জারা জানান, এর আগেও তিনি এ বিষয়ে দাবি জানিয়েছেন এবং স্পিকারকে চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার ডেপুটি স্পিকারকেও বিষয়টি সংশ্লিষ্ট কমিটিতে তোলার অনুরোধ করেছেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক