রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতি ও জনজীবন: রাষ্ট্রপতি

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ বিকাল
  • ১০১৭০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সন্ত্রাস-নৈরাজ্য বন্ধের আহ্বান; পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিক সমাধানের তাগিদ

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্ষতিগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এরপরও বিদেশে অবস্থানরত একজন রাজনীতিবিদকে কেন্দ্র করে দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

রোববার বঙ্গভবনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি তাঁর সঙ্গে সাক্ষাৎ করে।

রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্পকারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হচ্ছে। দেশের স্বাভাবিক পরিবেশ ও অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে এ ধরনের সহিংসতা থেকে বেরিয়ে আসা জরুরি।

অনুসন্ধানী সাংবাদিকতার আহ্বান

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে প্রতিরক্ষা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান সমস্যার রাজনৈতিক সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ অঞ্চলের বাস্তবতা ও সংকটের বিভিন্ন দিক তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।

বাংলাদেশি জাতীয়তাবাদে ঐক্যের গুরুত্ব

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ আদর্শ পাহাড়ি ও সমতলের সব জনগোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের নাগরিকদের ঐক্যবদ্ধ করতে পেরেছে। তাঁর মতে, বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ অত্যন্ত বাস্তববাদী।

সাক্ষাৎকালে ডিজাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুদ, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ সংগঠনটির কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad