তথ্য অধিকার প্রতিষ্ঠায় তরুণদের অগ্রণী ভূমিকা চান ডা. জাহেদ উর রহমান

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৯ বিকাল
  • ১৫৬৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে শিক্ষার্থীদের ‘অ্যাম্বাসেডর’ হওয়ার আহ্বান | গণতন্ত্র সুসংহত করতে অবাধ তথ্যপ্রবাহের ওপর গুরুত্ব

তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে তরুণ শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি ও স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রোববার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় অবাধ তথ্যপ্রবাহ এবং নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিতে শুধু রাজপথের অবরোধ বা সহিংসতার ওপর নির্ভর না করে প্রাতিষ্ঠানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তিনি বলেন, তথ্য পাওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার সংবেদনশীল বিষয় ছাড়া নাগরিকের জন্য তথ্যপ্রাপ্তির পথ বন্ধ রাখে না। এ অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে তরুণ শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম বলেন, তথ্যের অধিকার নিশ্চিত না হলে মানুষের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। একই সঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার স্থায়িত্বও বাধাগ্রস্ত হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য পাওয়ার যৌক্তিক অধিকার রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতার বিষয়ে উপাচার্য বলেন, নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার সঙ্গে সংশ্লিষ্ট নির্দিষ্ট বিষয় ছাড়া বিশ্ববিদ্যালয়ের হিসাব-নিকাশ, পরীক্ষা এবং কর্মকর্তা-কর্মচারী-সংক্রান্ত তথ্য প্রদানে প্রশাসন প্রস্তুত ও স্বচ্ছ।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং জাবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম।

এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ, প্রতিনিধি, জবি; প্রকাশিত ২৯ নভেম্বর ২০২৬। অনুষ্ঠানে দেওয়া বক্তব্য ও সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি সাজানো হয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad