রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।
আমন্ত্রণবার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য এবং সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানান। একই সঙ্গে মানবজাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার গঠন)। এতে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জ, আধুনিক শাসনব্যবস্থা এবং নীতিগত উদ্ভাবন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট একটি বার্ষিক আন্তর্জাতিক আয়োজন। এর মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন তুলে ধরা এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ পান।
আমিরাত দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সম্মেলনে ৬০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনের বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সব মিলিয়ে ওই আয়োজনে ছয় হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক সংলাপ জোরদার, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই উন্নয়নে যৌথ কৌশল প্রণয়নই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক