জাপানি বিনিয়োগ বাড়াতে নতুন সুযোগ তৈরিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ দুপুর
  • ১৯৪০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী
আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি ও উৎপাদনশিল্পে বিনিয়োগের আহ্বান | কাফকোর আধুনিকায়ন ও দ্বিতীয় সার কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চান তারেক রহমান

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিয়ন্ত্রক সংস্কার, বিনিয়োগের অনুমোদনপ্রক্রিয়া সহজ করা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান তিনি।

সোমবার (২৬ অক্টোবর) জাপানের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা কমিটির (জেবিসিসিইসি) সভাপতি এবং মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান মাসুমি কাকিনোকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাপানের স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান

প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং উন্নত উৎপাদনশিল্পসহ সম্ভাবনাময় খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কাঠামোর মাধ্যমে এসব খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে।

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে মাসুমি কাকিনোকির নেতৃত্বের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে মারুবেনি করপোরেশনের চেয়ারম্যান হিসেবে তাঁর ভূমিকার জন্য ধন্যবাদ জানান।

ইপিএ বাস্তবায়নে বাণিজ্য সম্প্রসারণের প্রত্যাশা

সাক্ষাৎকালে মাসুমি কাকিনোকি বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।

কাফকোর আধুনিকায়ন ও নতুন সার কারখানায় সহযোগিতা

প্রধানমন্ত্রী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) আধুনিকায়ন এবং বাংলাদেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়ে জাপানের সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

সার ও জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিল্পে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়টিও দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে আলোচনায় উঠে আসে।

আগেও মারুবেনি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক

এর আগে গত ১১ অক্টোবর ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোতোর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান।

ওই বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতা এবং দেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

সাম্প্রতিক এসব বৈঠকে বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা গভীর করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad