শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যেভাবে ঘটল দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি প্রাইভেটকারের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছন থেকে আসা একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইক দুর্ঘটনার কবলে পড়ে।
দুর্ঘটনায় চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। একসঙ্গে এতগুলো যানবাহনের সংঘর্ষে মহাসড়কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
অক্ষত সংসদ সদস্য, বিএনপি নেতা গুরুতর আহত
দুর্ঘটনার সময় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তাঁর নির্বাচনি এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। মুকসুদপুরে প্রবেশের সময় তাঁর গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য অক্ষত রয়েছেন এবং সুস্থ আছেন বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনায় মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের বিএনপি নেতা ইলিয়াস কাজী গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স