সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার আঙ্গারু মৌজায় সরকারি লিজ নেওয়া ২ দশমিক ১৮ একর আয়তনের একটি পুকুর দখলের চেষ্টা, জাল লিজ চুক্তিনামা তৈরি, মাছ ও জাল চুরি এবং কীটনাশক প্রয়োগের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জিল্লুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে। এসব ঘটনায় প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন আঙ্গারু মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম।
রফিকুল ইসলাম জানান, সমিতির সদস্যদের নিয়ে সরকারি নিয়মে পুকুরটি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন তাঁরা। তাঁর অভিযোগ, গত ২০ মার্চ ২০২৬ রাতে জিল্লুর রহমান, মহির উদ্দিন, সবুজ মিয়াসহ কয়েকজন পুকুর থেকে মাছ ও জাল চুরি করে নিয়ে যান। এ ঘটনায় সলঙ্গা থানা আমলি আদালতে ১৩৯/২০২৬ নম্বরে মামলা করেন তিনি।
পরবর্তীতে পুকুরে নতুন করে মাছ চাষ শুরু করলে আবারও কীটনাশক প্রয়োগ ও মাছ চুরির অভিযোগ ওঠে। এ সময় স্থানীয়দের সহায়তায় মাছবোঝাই একটি ট্রাক আটক করা হলে সলঙ্গা থানা পুলিশ সেটি জব্দ করে। তবে জব্দ করা মাছ বিক্রির টাকা এখনো ফেরত পাননি বলে দাবি করেন রফিকুল ইসলাম।
তিনি আরও অভিযোগ করেন, পুকুরের মালিকানা দাবি করে অভিযুক্তরা তাঁর নামে জাল স্বাক্ষরযুক্ত একটি লিজ চুক্তিনামা তৈরি করেছেন। এ ঘটনায় আদালতে জালিয়াতির মামলা (নম্বর ২১১) করেছেন তিনি। এরপর তাঁকে হয়রানি করতে অভিযুক্তরা বিভিন্ন বিষয়ে আরও ছয়টি মামলা করেছেন বলেও দাবি তাঁর।
এ ছাড়া তাঁকে ও সমিতির সদস্যদের প্রাণনাশের হুমকি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং বাজারে মাছ বিক্রিতে বাধা দেওয়ার অভিযোগও করেন রফিকুল ইসলাম। স্থানীয়ভাবে কয়েক দফা মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান হয়নি বলে জানান তিনি।
এ অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পুকুরের লিজসংক্রান্ত কাগজপত্র, কথিত চুক্তিনামা ও ভিডিও ফুটেজ যাচাই করে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রফিকুল ইসলাম বলেন, “সরকারি নিয়ম মেনে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করছি। অথচ মাছ চুরি ও জাল চুক্তিনামা দিয়ে পুকুর দখলের চেষ্টা চলছে। একের পর এক মামলায় হয়রানির শিকার হচ্ছি। প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার চাই।”
অভিযুক্ত জিল্লুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. মারুফ হাসান বলেন, “লিজ দেওয়া পুকুর অবশ্যই হস্তান্তরযোগ্য নয়।” এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

প্রথম দর্পণ,ডেস্ক