দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় ৪৮ শতাংশ পদ শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের মধ্যে ৬ হাজার ২৮৮টি পদই বর্তমানে খালি। জাতীয় সংসদে দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে মন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬ হাজার ৭৪৮ জন। শূন্য রয়েছে ৬ হাজার ২৮৮টি পদ।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতাল মিলিয়ে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে ১১ হাজার ৩৩৬টি পদ শূন্য। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে শূন্য রয়েছে ২১ হাজার ৬৫৬টি।
হামের টিকাদানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জন
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে সরকার জানায়, দেশের সব এলাকার শিশুকে টিকাদানের আওতায় আনার কার্যক্রম চলছে। হামের টিকাদানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জনের। এর বিপরীতে টিকা পেয়েছে ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন, যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।
তরুণদের হৃদরোগে মৃত্যুহার নিয়ে উদ্বেগ
পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে জানানো হয়, হৃদরোগ ও হার্ট অ্যাটাকে মৃত্যুর হার ২৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবকদের মধ্যে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে, বর্তমানে উদ্বেগজনকভাবে বেড়েছে।
লাইসেন্স পেয়েছে ৮ হাজার ২৭৩ বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান
টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নবায়ন ও নতুন মিলিয়ে ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
ধর্মীয় ব্যক্তিদের সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) জানান, চলতি অর্থবছরে দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে।
প্রণীত নীতিমালা অনুযায়ী, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা এ সম্মানী পাবেন। তবে খতিবদের এ সুবিধার আওতায় আনার কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।
২০২৭ সালের হজে সুযোগ পাবেন ৮৩ হাজার ৫০০ জন
পাবনা-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালের হজে বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। হজ ব্যবস্থাপনার দুই-তৃতীয়াংশ ব্যয় সৌদি আরব সরকার নির্ধারণ করে থাকে। ভিসা ফি ও ভ্যাটসহ হজযাত্রীদের সার্বিক খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক