রাজস্ব ঘাটতি ও ভর্তুকির চাপে কমছে উন্নয়ন বিনিয়োগ, বাংলাদেশকে বিশ্বব্যাংকের সতর্কবার্তা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৩:০২ দুপুর
  • ৯১২৬ বার পড়া হয়েছে

Banner Ad
https://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

কম রাজস্ব আদায়, অনুন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি খাতে বাড়তি ভর্তুকির চাপে বাংলাদেশে উন্নয়ন বিনিয়োগ কমে যাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশের উন্নয়ন কার্যক্রম ও অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সংস্থাটির নতুন প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য বাস্তবায়নে জরুরি ভিত্তিতে রাজস্ব ও সরকারি ব্যয় ব্যবস্থাপনায় সংস্কার আনতে হবে।

বৃহস্পতিবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ পাবলিক ফাইন্যান্স রিভিউ ২০২৬’ শীর্ষক প্রতিবেদনে দেশের সরকারি অর্থব্যবস্থার দুর্বলতা, কর্মসংস্থানের স্থবিরতা, রাজস্ব আদায়ের সীমাবদ্ধতা এবং উন্নয়ন ব্যয় কমে যাওয়ার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় সমস্যা পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে না পারা। তরুণ জনগোষ্ঠী ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য প্রয়োজনীয় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। কর্মক্ষম নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমবাজারের বাইরে রয়েছেন। অন্যদিকে দেশের মোট শ্রমশক্তির ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত।

রাজস্ব আদায়ে বড় ঘাটতি

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের রাজস্ব আদায়ের দুর্বলতাকে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের কর-জিডিপি অনুপাত ছিল মাত্র ৬ দশমিক ৮ শতাংশ, যা সমপর্যায়ের অন্যান্য দেশের তুলনায় অর্ধেকেরও কম।

এ ছাড়া উন্নয়ন খাতে সরকারি ব্যয় ধারাবাহিকভাবে কমেছে। ২০২১-২২ অর্থবছরে উন্নয়ন খাতে মূল ব্যয় ছিল জিডিপির ৪ দশমিক ৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৮ শতাংশে। একই সময়ে শিক্ষায় সরকারি ব্যয় নেমে এসেছে জিডিপির মাত্র ১ দশমিক ৫ শতাংশে।

সুদের ব্যয় ও জ্বালানি ভর্তুকিতে বাড়ছে চাপ

সরকারি ঋণের সুদ পরিশোধের ব্যয়ও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৬-১৭ অর্থবছরে সুদ পরিশোধে ব্যয় ছিল জিডিপির ১ দশমিক ৫ শতাংশ। চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে ২ দশমিক ৬ শতাংশে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকার অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থা থেকে বেশি ঋণ নেওয়ায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকির পরিমাণও বেড়েছে। ২০১৭-১৮ অর্থবছরে এ খাতে ভর্তুকি ছিল জিডিপির শূন্য দশমিক ৩ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৫ শতাংশে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে সরকারের এ ব্যয় আরও বাড়তে পারে।

সংস্কারে পাঁচ দফা সুপারিশ

অর্থনীতির চাপ মোকাবিলা এবং রাজস্ব আয় বাড়াতে বিশ্বব্যাংক পাঁচটি গুরুত্বপূর্ণ সংস্কারের পরামর্শ দিয়েছে।

প্রথমত, কর প্রশাসন আধুনিক ও কার্যকর করতে হবে। করনীতি প্রণয়ন এবং কর প্রশাসনের দায়িত্ব পৃথক করার পাশাপাশি বিভিন্ন ডিজিটাল ব্যবস্থার সমন্বয় ও একক করদাতা শনাক্তকরণ নম্বর চালুর সুপারিশ করা হয়েছে।

দ্বিতীয়ত, অপ্রয়োজনীয় কর অব্যাহতি কমাতে হবে। ২০২১-২২ অর্থবছরে কর অব্যাহতির পরিমাণ ছিল জিডিপির ৬ দশমিক ৯ শতাংশ, যা ওই সময়ে আদায় করা মোট কর রাজস্বের প্রায় সমান। এ জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাণিজ্য শুল্ক ব্যবস্থায় সংস্কার আনার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

তৃতীয়ত, জ্বালানির মূল্য নির্ধারণে স্বচ্ছ ও নিয়মভিত্তিক ব্যবস্থা চালু করতে হবে। এ ক্ষেত্রে উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ এবং স্বাধীন ও শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

চতুর্থত, ঢালাও ভর্তুকির পরিবর্তে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে লক্ষ্য করে সহায়তা দিতে হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশে দারিদ্র্যের হার ২০২২ সালের ১৮ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২০২৬ সালে ২২ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে শক্তিশালী সামাজিক নিবন্ধনব্যবস্থা ও ফ্যামিলি কার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রকৃত সুবিধাভোগীদের সরাসরি সহায়তা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

পঞ্চমত, রাজস্ব সংস্কারের মাধ্যমে অতিরিক্ত যে অর্থ পাওয়া যাবে, তা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে ব্যয় করতে হবে।

প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত হওয়ার সম্ভাবনা

বিশ্বব্যাংকের মূল্যায়নে বলা হয়েছে, প্রস্তাবিত সংস্কারগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৭ শতাংশে উন্নীত হতে পারে।

সংস্থাটির মতে, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শুধু রাজস্ব আয় বাড়ালেই হবে না, সরকারি ব্যয়ের দক্ষতা ও গুণগত মানও বাড়াতে হবে। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ভর্তুকি ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা জরুরি।

বিশ্বব্যাংকের প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, রাজস্ব ব্যবস্থার কাঠামোগত দুর্বলতা দূর করতে না পারলে উন্নয়ন ব্যয় সংকুচিত হওয়ার ঝুঁকি থাকবে। ফলে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়তে পারে।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad